.webp)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ফাইল ছবি।
শেষ আপডেট: 8 May 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: আদানি-আম্বানিদের কাছ থেকে কত কালো টাকা পেয়েছেন রাহুল গান্ধী, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বুধবার নির্বাচনী প্রচারে এসেছেন মোদী। প্রথমে তিনি ভেমুলাওয়াড়ার রাজন্না মন্দিরে দর্শন করেন। এরপর একটি সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যিনি বারবার সংসদে আদানি-হিন্ডেরবার্গ প্রসঙ্গ টেনে সরকারকে পর্যুদস্ত করে থাকেন, তাঁকে উদ্দেশ করে একথা বলেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, কংগ্রেসের শাহজাদার কাছে আমি জানতে চাই, আদানি-আম্বানির কাছ থেকে কত কালো টাকা নিয়েছেন? ভোটের জন্য এইসব শিল্পপতিদের কাছ থেকে কংগ্রেস কত টাকা পেয়েছে? তেলঙ্গানায় আগামী ১৩ মে একসঙ্গে বিধানসভা ও লোকসভা ভোট হতে চলেছে। তার আগে এটা মোদীর তৃতীয় রাজ্য সফর।
ভেমুলাওয়াড়ার পর ওয়ারাঙ্গলেও একটি জনসভায় ভাষণ দেন মোদী। সেখানে তিনি বলেন, তিনটি দফার ভোটের পর একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, এনডিএর বিজয়রথ দ্রুতগতিতে এগোচ্ছে। দ্বিতীয় বিষয় হল, কংগ্রেস আতসকাচ দিয়ে ওদের জেতার মতো আসন খুঁজে বেড়াচ্ছে।
প্রধানমন্ত্রী উপহাসের সুরে আরও বলেন, আজ আপনাদের উৎসাহ দেখে পরিষ্কার দেখতে পাচ্ছি, চতুর্থ দফার পর আতসকাচে কংগ্রেসের কাজ হবে না। এরপর ওদের অনুবীক্ষণ যন্ত্র লাগবে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলকে তিনি আরও বলেন, আদানি-আম্বানিদের সঙ্গে রাহুল গান্ধীর কী এমন গোপন চুক্তি হয়েছে? উনি রাতারাতি ওদের বিরুদ্ধে বলা বন্ধ করে দিলেন কেন?
মোদীর আক্রমণের ভাষায়, কংগ্রেসের শাহজাদা পাঁচ বছর ধরে আম্বানি ও আদানিদের নাম জপে আসছেন। ভোট ঘোষণার পর হঠাৎ করে তিনি চুপ করে গেলেন কেন! শাহজাদার উচিত খোলসা করে জানানো যে, এ ধরনের শিল্পপতিদের কাছ থেকে কত টাকা নিয়েছেন? কত ব্যাগ কালো টাকা তাঁদের কাছ থেকে পেয়েছেন? তাঁর এই আচমকা নীরবতার মানে হল আপনিও ট্রাক ট্রাক ভর্তি চোরি কা মাল পেয়েছেন, বলেন মোদী।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটের প্রচারে এদিন প্রথম হঠাৎ করেই আদানি-আম্বানি প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। লোকসভায় আদানি-হিন্ডেরবার্গ ইস্যুতে একাধিকবার প্রধানমন্ত্রীর জবাব দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ। কিন্তু, তখন জবাব মেলেনি। এবার ভোটপ্রচারে এই প্রথম আদানি-আম্বানিদের কালো টাকার বন্দুকের ট্রিগার রাহুলের দিকে টিপ করে ছুড়লেন মোদী।