.webp)
বৃহস্পতিবার কন্যাকুমারীর ভগবতী কুমারী আম্মান মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 30 May 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের সব সমালোচনা, কটাক্ষ, তির্যক উপহাস উপেক্ষা করে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫ প্রহরের অর্থাৎ ৪৫ ঘণ্টার টানা ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলে তিনি তিরুবনন্তপুরমে বিমানে নামেন। সেখান থেকে কন্যাকুমারীতে পৌঁছে যান সন্ধ্যা নামার আগেই। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে প্রায় দুদিন ধরে ধ্যান করবেন মোদী। প্রসঙ্গত, শনিবারের শেষ ভোটের দিনই বারাণসীতে মোদীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে।
এদিন কন্যাকুমারীতে এসে প্রধানমন্ত্রী প্রথমে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন। সেখান থেকে চলে যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে। ১ জুন ধ্যান শেষে রওনা দেওয়ার আগে তিনি মেমোরিয়ালের গা ঘেঁষা তিরুভাল্লুভারের মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।
কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে 'ধ্যানমগ্ন' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাহারায় থাকছে ২ হাজার পুলিশ। মোদীর ৪৫ ঘণ্টার ধ্যানের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ভারত মহাসাগরের জল আরও লোনা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তামিলনাড়ু কংগ্রেস একে মোদীর 'ধ্যান-নৌটঙ্কি' বলে কটাক্ষ করে নির্বাচন কমিশনে নালিশ জানাবে।
#TamilNadu: Prime Minister @narendramodi offers prayer at Bhagavathy Amman Temple in Kanyakumari.
— All India Radio News (@airnewsalerts) May 30, 2024
PM #NarendraModi will meditate from May 30th May evening to June 1st June evening.@PMOIndia| @pibchennai pic.twitter.com/fXaImgEgQi
তামিলনাড়ুর দক্ষিণতম প্রান্তে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত স্থানে লোকসভা ভোটের প্রচার শেষ করার পরেই ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালেও একইভাবে কেদারনাথের কাছে একটি গুহায় ধ্যানে বসেছিলেন মোদী। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ হাজার উর্দিধারী মোদীর পাহারায় রাখা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্য যে যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, তা থাকছেই।
মোদীর এই ধ্যান নিয়ে সমালোচনায় নেমে পড়েছে কংগ্রেস। তামিলনাড়ুর কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাই মোদীর কর্মসূচিকে নাটক বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, ভোট চলাকালীন মোদীর এই ধ্যান ধ্যান নাটক আদর্শ আচরণবিধির পরিপন্থী। এ নিয়ে তাঁরা নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। ভোট চলাকালীন মোদীর দিকে প্রচারের ক্যামেরা থাকায় তা ভোটারদের প্রভাবিত করতে পারে বলে অভিযোগ কংগ্রেসের।