
ভলোদিমির জেলেনস্কি এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 27 July 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই রাশিয়া সফরে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন অবশ্য বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখেনি। বিশেষত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদী আলিঙ্গন করায় ক্ষোভ উগরে দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবার জানা গেল, যুদ্ধ পরিস্থিতি তৈরির পর এই প্রথমবার ইউক্রেনেরও যেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।
রাশিয়া সফরে গেলেও সেখান থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং শিশু হত্যার নিন্দা করেন ভারতের প্রধানমন্ত্রী। তবে মোদী-পুতিনের আলিঙ্গন দেখে জেলেনস্কি বলেছিলেন, ''বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধীকে আলিঙ্গন করছেন। শান্তিরক্ষার ক্ষেত্রে এটা বড় ধাক্কা।'' তবে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, অগস্টেই ইউক্রেন সফরে যাচ্ছেন মোদী। সেখানে গিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতির অন্ত কীভাবে ঘটানো যায়, সেই আলোচনা জেলেনস্কির সঙ্গে করবেন তিনি।
নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের জন্য ইউক্রেনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রসাতলে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করেছিলেন। তবে মোদীর ইউক্রেন সফর সফল হলে দুই দেশের সম্পর্ক যেমন মজবুত হবে, একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিরও অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে গত জুন মাসে জি৭ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়ে জেলেনস্কির সঙ্গে পার্শ্ববৈঠক করেছিলেন মোদী।
এদিকে ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে সমালোচনা শুরু করেছিল আমেরিকা। তার অবশ্য স্পষ্ট জবাব দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট বলা হয়, কোন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা হবে, সেটা একেবারেই সংশ্লিষ্ট দেশের বিষয় এবং দেশের স্বাধীনতাও বটে। আর ভারতও এক্ষেত্রে স্বাধীন। তাই বাস্তব মেনে নিতে হবে। পাশাপাশি নরেন্দ্র মোদী যে রাশিয়া থেকেও ইউক্রেনের ওপর হামলা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, সেটাও মনে করিয়ে দেয় ভারত।