
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 21 August 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো: বুধবার পোল্যান্ড সফরে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফর তাঁকে ইতিহাসের পাতায় নিল গেল। কারণ ৪৫ বছরে এই প্রথমবার দেশের কোনও প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন। সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। ভারত এবং পোল্যান্ডের সম্পর্ক আরও মজবুত করতে এই বৈঠক ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
নরেন্দ্র মোদীর এই পোল্যান্ড সফর আরও একটি কারণে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই ইউক্রেন সফরে যাবেন তিনি। কয়েক সপ্তাহ আগে রাশিয়া সফরে গিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী-পুতিনের আলিঙ্গন দেখে জেলেনস্কি বলেছিলেন, ''বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধীকে আলিঙ্গন করছেন। শান্তিরক্ষার ক্ষেত্রে এটা বড় ধাক্কা।'' তারপরই অবশ্য জানা গেছিল, ইউক্রেনে যাবেন মোদী। সেই সফর এবার সম্পন্ন হতে চলেছে।
পোল্যান্ডে গিয়ে রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পাশাপাশি সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। এই সফর সম্পর্কে তিনি জানিয়েছেন, ''৭০ বছরের পুরনো সম্পর্ক রয়েছে ভারত এবং পোল্যান্ডের। ভারতের জন্য পোল্যান্ড মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। তাঁদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এই আশা রাখছি।'' দু'দিনের পোল্যান্ড সফর থেকেই ট্রেনে করে ইউক্রেন যাবেন নরেন্দ্র মোদী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর এটাই হতে চলেছে মোদীর প্রথম ইউক্রেন সফর।
নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের জন্য ইউক্রেনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রসাতলে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করেছিলেন। তবে মোদীর ইউক্রেন সফর সফল হলে দুই দেশের সম্পর্ক যেমন মজবুত হবে, একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিরও অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদী। যদিও এর আগে গত জুন মাসে জি৭ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়ে জেলেনস্কির সঙ্গে পার্শ্ববৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।