
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 11 June 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের সরকারের কাজের সমালোচনা বিরোধী শিবির করবেই। তবে সমালোচনার কারণ যাতে খোদ মন্ত্রীরাই না হয়ে যান, নতুন মন্ত্রিসভা গঠনের পর এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে একপ্রস্ত বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানে মোদী স্পষ্ট করে দিয়েছেন, কোনও বিষয় নিয়ে অযথা যেন কেউ মন্তব্য না করেন।
বিভিন্ন সময়ে দেখা গেছে বিজেপির নেতা-মন্ত্রীরা একাধিক বিষয় নিয়ে আলটপকা মন্তব্য করেছেন যা নিয়ে পরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটের সময়ে এই মন্তব্যগুলিই বিরোধীদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এই পরিস্থিতি তৈরি হোক, আর চাইছেন না প্রধানমন্ত্রী মোদী। তাই ক্যাবিনেট বৈঠকের প্রথমদিনই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।
সূত্র মারফৎ জানা গেছে, সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের মোদী নির্দেশ দিয়েছেন কোনও বিষয় নিয়ে প্রকাশ্যে অযথা, অযাচিত মন্তব্য কেউ করবেন না। আর মন্ত্রকের সঙ্গে জড়িত নয় এমন বিষয়ে মন্তব্য করারই কোনও প্রয়োজন নেই। পাশাপাশি, নির্দিষ্ট সময় মেনে প্রতিটি কাজ সম্পন্ন করার কথাও বলেছেন নরেন্দ্র মোদী। মন্ত্রকে যেন সবসময়ে ইতিবাচক বাতাবরণ বজায় থাকে, সেই পরামর্শও দেওয়া হয়েছে।
রবিবার রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী সহ ৭২ জন মন্ত্রী। কে কোন দফতর পাবেন তা নিয়ে কৌতূহল ছিলই। এবারে নরেন্দ্র মোদী সরকারে জায়গা হয়েছে একাধিক শরিক দলের। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সুবাদে আবার জোট সরকারে গুরুত্ব পাচ্ছেন তেলুগু দেশম পার্টি, জেডি(ইউ), হিন্দুস্তান আওয়াম মোর্চা, একনাথ শিন্ডের শিবসেনার মত একাধিক আঞ্চলিক দল। সোমবার সন্ধেয় কারা কোন দফতরের মন্ত্রী হচ্ছেন তা জানা যায়।
এবারের মোদী সরকারের টপ ফোর-এ রয়েছেন আগের মন্ত্রিসভারই চারজন। অমিত শাহ আবার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি নির্মলা সীতারামণ অর্থমন্ত্রী এবং এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী। এছাড়া বিজেপি সভাপতি থেকে মন্ত্রিত্বে উঠে আসা জেপি নাড্ডা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক, পাশাপাশি তাঁকে দেওয়া হয়েছে রাসায়নিক ও সার মন্ত্রকের দায়িত্ব।