
শেষ আপডেট: 19 January 2024 22:32
দ্য ওয়াল ব্যুরো: পিটবুল পোষা নিষিদ্ধ করে দিলেও তা মানা হচ্ছে না বেশিরভাগ জায়গাতেই। দিল্লিতে আবারও পিটবুলের আক্রমণে জখম হল এক শিশু। দাদুর কোল থেকে কামড়ে টেনে দেড় বছরের শিশুকন্যার পা খুবলে দিল পোষা পিটবুল।
দিল্লির বুরারি এলাকায় এই ঘটনা ঘটেছে গত ২ জানুয়ারি। রাস্তায় শিশুটি নিয়ে ঘুরছিলেন তার দাদু। রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য। দেখা গেছে, শিশুটিকে নিয়ে ঘুরতে ঘুরতে পাড়ারই এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন সেই বৃদ্ধ ব্যক্তি। যুবকটির সঙ্গে ছিল তার পোষা পিটবুল। হঠাৎই দেখা যায় পিটবুলটি সেই বৃদ্ধের কোলে থাকা বাচ্চা মেয়েটির দিকে তেড়ে যায়। যুবকটি কিছুতেই তাকে ধরে রাখতে পারে না।
এর পরের দৃশ্য আরও ভয়ঙ্কর। কুকুরটি তেড়ে গিয়ে লাফিয়ে বাচ্চাটির পা কামড়ে ধরে। তারপর হ্যাঁচকা টানে শিশুটিকে কোল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ব্যাপার দেখে পরিত্রাহী চেঁচাতে থাকেন শিশুটির দাদু। ছুটে আসেন পাড়ার লোকজন। সকলে মিলে টানাটানি করেও শিশুটিকে ছাড়াতে পারেন না। অন্তত মিনিট খানেক সময় লাগে হিংস্র পিটবুলের কামড় থেকে শিশুটিকে বের করে আনতে।
রক্তাক্ত বাচ্চাটিকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন তার বাড়ির লোকজন। জানা গেছে, পিটবুলের কামড়ে বাচ্চাটির একটি পা মারাত্মকভাবে জখম হয়েছে। পায়ের কয়েক জায়গার হাড় ভেঙেছে। চামড়া ছিঁড়ে গেছে। অসংখ্য সেলাই করতে হয়েছে শিশুটির পায়ে। টানা ১৭ দিন বাচ্চাটিকে ভর্তি রাখতে হয়েছিল হাসপাতালে।
পিটবুল জাতীয় শিকারি কুকুর বাড়িতে পুষতে নিষেধ করা হয় বার বার। কারণ ঠিকমতো ট্রেনিং না দিলে এই জাতের কুকুর হিংস্র হয়ে উঠতে পারে। তারপরেও এমন কুকুর পোষা হচ্ছে। গাজিয়াবাদে একাধিকবার পিটবুলের হামলা হওয়ার পর পিটবুল জাতীয় কুকুর পোষা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।