
শেষ আপডেট: 11 November 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: একশো দিনের কাজের মজুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে রাজ্যকে প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগে একদফা দিল্লি অভিযান করেছে বাংলার শাসক দল তৃণমূল। দিন-তারিখ ঘোষণা করা না হলেও জোড়াফুল শিবির জানিয়েছে, পায়ের সমস্যা কমলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোও থাকবেন পরের দিল্লি অভিযানে।
এবার একই কর্মসূচি নিচ্ছে কেরলের সিপিএম ও রাজ্য সরকারও। দক্ষিণের ওই রাজ্যের সিপিএম ও বাম জোট সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে জানুয়ারির গোড়ায় সব মন্ত্রী, দলের বিধায়ক, সাংসদেরা দিল্লিতে ধর্ণায় বসবেন। কেরল সিপিএমের অভিযোগ, একাধিক প্রকল্প মিলিয়ে কেন্দ্র ৫৮০০ কোটা টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেও সুরাহা হয়নি।
তবে তৃণমূলের মতো কেরল সিপিএম কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। কর্মসূচির তারিখও জানায়নি তারা। তবে জানুয়ারিতে হওয়ার কথা। তৃণমূল গতমাসে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিকে গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে গিয়েছিল। প্রতিমন্ত্রী কথা দিয়েও দেখা করেননি বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। দ্বিতীয় কর্মসূচি দীপাবলির ছুটির পর হওয়ার কথা।
তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বঙ্গ বিজেপির দিকেও আঙুল তুলেছে। বাংলার শাসক দলের অভিযোগ, পদ্ম শিবিরের ১৮জন সাংসদ আছেন। তারা রাজ্যের পাওনা আদায়ে সহযোগিতার পরিবর্তে উল্টে বাধা দিয়েছে। ওদিকে, কেরলে বামেদের দাবি, রাজ্যের ১৮জন কংগ্রেস সাংসদ রাজ্যের প্রতি বঞ্চনার ইস্যুতে নীরব। তাঁরা সংসদে কিংবা কেন্দ্রীয় মন্ত্রকে গিয়ে একদিনের জন্যও বকেয়া চেয়ে দরবার করেননি।