
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 29 November 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিosMয়ার মহিলা পাইলট সৃষ্টি তুলির আত্মহত্যার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৃষ্টি আত্মঘাতী হওয়ার পূর্বে তাঁর প্রেমিক আদিত্য পণ্ডিত মুম্বাই ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। তাঁকে মুম্বই ছেড়ে না যাওয়ার আবেদন জানিয়েছিলেন পাইলট। আত্মহত্যার সিদ্ধান্তের কথা জানান সেসময়ই। কিন্তু তাতেও তাঁর প্রেমিকের মন গলেনি। এরপর আত্মহত্যা করবেন এই কথা জানিয়ে নাকি ভিডিও কলও করেন।
উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে মুম্বইতে থাকতেন ২৫ বছর বয়সি সৃষ্টি তুলি। ওই শহরেই আদিত্য পণ্ডিত নামের এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। পরে দু'জনের সম্পর্ক প্রেমে বদলে যায়। একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন তাঁরা। ওই ফ্ল্যাট থেকেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় সোমবার। পুলিশের প্রাথমিক অনুমান, মোবাইলের চার্জার গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
মেয়ের মৃত্যুর খবর পেয়েই সৃষ্টির পরিবার ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। তাঁদের দাবি, মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করানো হত। আমিষ খাবার নিয়ে খোঁটা দেওয়া হত, জোর করে নিরামিষও খাওয়ানো হত। একই সঙ্গে চলত মানসিক অত্যাচার। অবসাদের কারণেই এই কাজ করেছেন তরুণী, এমনই দাবি করে পরিবার। সেই প্রেক্ষিতে যুবককে গ্রেফতার করা হয় দ্রুত।
তাঁকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসছে একের পর এক তথ্য। যুবকের মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, কিছু চ্যাট তিনি ডিলিট করে দিয়েছেন আগেই। ফোনটি বর্তমানে ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। চ্যাট উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার কিছুক্ষণ আগে ১০ থেকে ১১ বার তাঁদের মধ্যে ফোন হয়। তাতেও পরিস্থিতি ভাল দিকে না যাওয়ায় যুবককে তরুণী ভিডিও কল করেন। সেখানেও আত্মহত্যার বিষয়টি জানান এবং দেখানও তিনি নিজেকে ঝুলিয়ে দিতে চলেছেন। কিন্তু তারপরও দিল্লি যাওয়ার সিদ্ধান্তে ওই যুবক অনড় ছিলেন বলে অভিযোগ।
যদিও যুবকের দাবি, তিনি একাধিকবার আবেদন জানিয়েছিলেন, এমন কোনও কাজ না করার। তরুণীকে বোঝানোর চেষ্টাও করেন। তিনি নাকি বলেছিলেন, সৃষ্টির কিছু হলে তিনিও আত্মঘাতী হবেন। কিন্তু তাতে কিছু হয়নি।
যুবকের দাবি, দিল্লি না গিয়ে এসব দেখে তিনি মুম্বইয়ে ওই ফ্ল্যাটে ফিরে যান। একাধিকবার ফোন করেন। কিন্তু তাতে কিছু হয়নি। তারপর লক ভাঙার লোক ডেকে দরজা খোলা হয়। এবং মৃত অবস্থায় পাওয়া যায় ওই তরুণীকে। এই লক ভাঙার সময় আদিত্যর সঙ্গে উপস্থিত ছিলেন আরেক তরুণী পাইলট। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।