
শেষ আপডেট: 8 February 2024 09:48
দ্য ওয়াল ব্যুরো: গুগল প্লে স্টোরের মতো এবার নয়া প্লে স্টোর অ্যাপ আনতে চলেছে ফোনপে। আগামী ২১ ফেব্রুয়ারি নয়া ওই অ্যাপ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
সংস্থার দাবি, অন্যান্য অ্যাপের মাধ্যমে কোনও কিছু কেনাকাটা করতে গেলে যেখানে ১৫ থেকে ৩০ শতাংশ ফি দিতে হয়, সেখানে নয়া এই অ্যাপে বিনামূল্যে কেনাকাটা করতে পারবেন গ্রাহকেরা। গ্রাহকদের কাছে অ্যাপটিকে আকর্ষণীয় করে তুলতে ইংরেজি ছাড়াও নয়া অ্যাপে থাকছে ১২টি ভারতীয় ভাষা।
এমনকী ইমেল অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি মোবাইল নম্বরের মাধ্যমেও এই অ্যাপে লগইন করা যাবে। এর ফলে সহজেই অনেক বেশি গ্রাহককে আকৃষ্ট করা যাবে বলে মনে করছে ফোনপে।
প্রসঙ্গত, ফোনপে নিজস্ব ব্যবসার পরিকাঠামো তৈরির আগে পর্যন্ত এটি ফ্লিপকার্টেরই একটা অংশ ছিল। ২০২০ সালের ডিসেম্বরে ফোনপে ব্যবসা জমানোর পরে ঘোষণা করেছিল, ফ্লিপকার্টের সঙ্গে যোগসূত্র আংশিক ছিন্ন করেছে তারা। সে সময়ে তারা প্রেস বিবৃতি দিয়ে বলেছিল, 'এই দু'টি ব্যবসা আলাদা হলে শেয়ারদর অনেকটা বাড়বে, বিনিয়োগের নতুন সুযোগ বাড়বে। ভারতের যে টেকনোলজিক্যাল ইকোসিস্টেম, তাতে এই দুই সংস্থা আলাদা ভাবে বড় ভূমিকা নিতে পারে।'
পরে ২০২২ সালের নভেম্বরে ফ্লিপকার্টের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে ফোনপে।
ফোনপে-র প্রতিষ্ঠাতা এবং সিইও সমীর নিগম এই বিষয়ে বলেন, 'আমরা এখন পরবর্তী ধাপের দিকে তাকিয়ে আছি। নতুন এই ব্যবসায় আমরা বিনিয়োগ বাড়াচ্ছি বিমা, স্বাস্থ্য, সম্পত্তি ম্যানেজমেন্ট, এইসব দিকে। এবার গ্রাহকদের চাহিদা মেনেই আনা হচ্ছে নয়া এই অ্যাপ।“