
বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের
শেষ আপডেট: 25 November 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: বৈষ্ণোদেবীতে রোপওয়ে প্রকল্পের বিরোধীতায় সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার জম্মু কাশ্মীরের কাটরায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে এসে পৌঁছয় পুলিশ।
এলাকার এমনই পরিস্থিতি যে বৈষ্ণোদেবী দর্শন নিয়ে রীতিমতো আশঙ্কায় পুণ্যার্থীরা। পাহাড়ি পথ পেরিয়ে বৈষ্ণোদেবীর মন্দিরে পৌঁছনোর জন্যে পুণ্যার্থীদের ঘোড়ার পিঠ কিংবা ডুলিতে চড়তে হয়। আর এই ব্যবসার ওপরই জীবন-জীবিকা নির্ভর করে স্থানীয় ব্যবসায়ীদের।
কিন্তু এবার বৈষ্ণোদেবীতে পৌঁছনোর জন্যে যদি সরাসরি রোপওয়ে ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে কাজ হারা হবেন ব্যবসায়ীরা। তাই ওই রোপওয়ে প্রকল্প বন্ধ করতে মরিয়া তাঁরা।
বৈষ্ণোদেবী মন্দির কমিটি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, তারাকোট মার্গ থেকে সাঁঝি ছট পর্যন্ত ১২ কিলোমিটার পথে রোপওয়ের ব্যবস্থা করা হবে। আর তাতেই খাপ্পা হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির নেতার কথায়, 'কাটরাতে রোপওয়ে প্রকল্প চালু হতে দেব না। গত তিন বছর ধরে আমরা এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছিল। কিন্তু এখন মন্দির কমিটি এই প্রকল্প চালু করছে।' ব্যবসায়ীদের দাবি, দ্রুত এর সিদ্ধান্ত না নিলে বনধ চালিয়ে নিয়ে যাবেন তাঁরা।