
শেষ আপডেট: 25 December 2023 15:26
দ্য ওয়াল ব্যুরো: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। বড় বড় টেক বিশেষজ্ঞদের মতে, কয়েক বছরের মধ্যেই মানুষের চাকরির বাজারে দখল নেবে এআই। সেই আশঙ্কাই সত্যি হল। পেটিএম নামক অনলাইন আর্থিক লেনদেন সংস্থা হাজার জনের বেশি কর্মীকে ছাঁটাই করল। শুধু তাই নয়, নতুন বছরে আরও ছাঁটাই হতে পারে, সেই আভাসও দিয়ে রাখল পেটিএমের পেরেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশন!
কেন ছাঁটাই করল পেটিএম? সংবাদমাধ্যম সূত্রের খবর, পেটিএম এআই নিয়ে কাজ করছে। এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যা খুবই খরচ সাপেক্ষ। তাই খরচ কমানোই কোম্পানির মূল লক্ষ্য। তার জেরেই সেলস এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। আগামীতেও আরও কর্মী ছাঁটাই হতে পারে।
পেটিএম আগেও কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে। পেটিএম-এর প্রায় ১০ শতাংশ কর্মী বিগত কয়েক মাসে চাকরি হারিয়েছেন। এদিকে সংস্থার অর্থনৈতিক কাঠামোকেও নতুন ধাঁচে গড়ে তুলছে পেটিএম। এরই মধ্যেই বিনিয়োগের ঘাটতি দেখা দিয়েছে।
মনে করা হচ্ছে, এই ছাঁটাইয়ের ফলে ১০ শতাংশ খরচ কমতে পারে কোম্পানির। পেটিএম জানিয়েছে, 'আমরা কর্মীদের খরচ ১০-১৫ শতাংশ বাঁচাতে সক্ষম হব। কারণ এআই আমাদের প্রত্যাশার চেয়ে বেশি কাজ করছে। মূলত কাজের ক্ষেত্র মূল্যায়ন করেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' গত অক্টোবর থেকেই এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড।