
শেষ আপডেট: 1 March 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: আগেই বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে। এবার এই বিষয়েই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে ৫.৪৯ কোটি টাকা জরিমানা করল ভারতের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাঙ্কের উপর গত ৩১ জানুয়ারি বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যে আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ১৫ মার্চের পর পেটিএম ব্যাঙ্কে আর কোনও লেনদেন করা যাবে না।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে জানানো হয়েছিল, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো আর্থিক সংস্থাটির ধারাবাহিকভাবে অনিয়ম-সহ আরও অনেক ত্রুটি ধরা পড়েছে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ঘটনার তদন্তে নেমে জানতে পারে, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ অবৈধ কার্য়কলাপেও ব্যবহার করা হয়েছিল। সেকারণেই পেটিএম ব্যাঙ্ককে জরিমানার সিদ্ধান্ত।
যদিও পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মুখপাত্র বলেছেন, 'যে কারণে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে, সেই ব্যবসায়িক লেনদেন দু’বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।“