
লে ডুবে থাকা বাস থেকে উদ্ধারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে
শেষ আপডেট: 28 June 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: টানা মুষলধারে বৃষ্টিতে নাজেহাল অবস্থা দিল্লির। একাধিক জায়গায় গাড়ির ছাদ পর্যন্ত জল চলে গিয়েছে, ভেসে বেড়াচ্ছে বাইক, অটো। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স। এরই মধ্যে এদিন আজাদ মার্কেট অঞ্চলের আন্ডারপাসে আটকে যায় একটি যাত্রীবোঝাই বাস। খবর পেয়ে বাসের যাত্রীদের উদ্ধারের জন্য আসে পুলিশ এবং উদ্ধারকারী দল।
গত বৃহস্পতিবার থেকে দিল্লি ও তাঁর পাশ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল হতেই জলমগ্ন দিল্লির একাংশ। পুলিশ সূত্রের খবর, প্রায় ৮ ফুট সমান জলে একটি বাস যাত্রীদের নিয়ে দু’ঘণ্টা আটকে ছিল। দড়ি এবং লাইফ জ্যাকেট ব্যবহার করে ওই বাসের যাত্রীদের একে একে বের করে আনা হয়। জলে ডুবে থাকা বাস থেকে উদ্ধারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
#WATCH | Delhi: Visuals from Azad Market underpass as passengers being rescued from a bus stuck here due to severe waterlogging. pic.twitter.com/Xuuv8D0tnI
— ANI (@ANI) June 28, 2024
ভিডিওতে দেখা গিয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা যাত্রীদের দড়ির সাহায্যে বাস থেকে নামিয়ে আনেন। কোনও যাত্রীকে কোলে তুলে নেওয়া হয়, আবার কাউকে লাইফ জ্যাকেট পরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। এদিন বাসের মধ্যে জলের স্তর বাড়তে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও শেষ পর্যন্ত সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে টানা বৃষ্টির কারণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ। ব্যাহত রাজধানীর মেট্রো চলাচল। সবমিলিয়ে মরসুমের প্রথম বৃষ্টিতেই জলের তলায় দিল্লিবাসী। এই নিয়ে ইতিমধ্যে বিরোধীরা আপ সরকারকে নিশানা করেছে। বিজেপির অভিযোগ, তাঁরা বারংবার রাজ্য সরকারকে পিডব্লুউডি-র পাইপলাইনগুলি পরিষ্কার রাখতে বলেছিল। কিন্তু প্রশাসন সেদিকে নজর দেয়নি। যদিও প্রশাসনের দাবি, এদিন বেলা গড়াতেই জল নামানোর বিষয়ে দিল্লি সরকার যুদ্ধকালীন তৎপরতা নেয়। মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে দিল্লি সরকার। বৈঠকে ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় আধিকারিকরাও।