
সংসদে শীতকালীন অধিবেশন
শেষ আপডেট: 26 November 2024 00:19
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই লোকসভার সাংসদদের জন্য চালু হল নয়া ব্যবস্থা। এবার আর খাতা, কলমে নয়। লোকসভার সাংসদরা চাইলে একটি ইলেকট্রনিক ট্যাব ও ডিজিট্যাল পেন ব্যবহার করে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন।
জানা যাচ্ছে, এবার থেকে যত দিন লোকসভার অধিবেশন চলবে, তত দিনই লোকসভার চেম্বারের লবির চারটি কাউন্টারে রাখা থাকবে ইলেক্ট্রনিক ট্যাব ও ডিজিট্যাল পেন। সাংসদরা চাইলে সেই ট্যাবগুলি ব্যবহার করেও নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চলতি অধিবেশন থেকেই সংসদের যাবতীয় কাজকর্ম ‘পেপারলেস' করতে উদ্যোগী হয়েছেন। সে কারণেই এদিন শীতকালীন অধিবেশন শুরু হতে সাংসদদের জন্য নয়া নিয়ম চালু হল।
কীভাবে ব্যবহার করতে হবে?
• লোকসভার সদস্যদের প্রথমে ট্যাবের ড্রপ-ডাউন মেনু থেকে নিজেদের নাম খুঁজে নিতে হবে।
• এরপর ডিজিট্যাল পেনের সাহায্যে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করতে হবে।
• শেষে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই উপস্থিতি দেওয়া যাবে।
কেমন এমন ভাবনা?
সংসদের অধিবেশন চলাকালীন সাংসদরা যাতে তাঁদের দৈনিক ভাতা পেতে পারেন, তার জন্য প্রতিদিনের উপস্থিতি নথিভুক্ত করতে হয়। এর আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে লোকসভার সাংসদরা তাঁদের উপস্থিতি নথিভুক্ত করতেন। তবে সেই হিসাবে অনেক গোলমাল হয় বলে অভিযোগ। খাতায় কলমে থাকলে বিষয়টি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণেই এমন উদ্যোগ।
বিষয়টি মুখে বললে কাজে অতটা সহজ হবে না। সে কারণেই সাংসদদের সাহায্য করার জন্য প্রতিটি হেল্প ডেস্কে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে আসা একজন করে ইঞ্জিনিয়র উপস্থিত থাকবেন। তাঁরাই পুরো বিষয়টি বুঝিয়ে বলবেন।
তবে ডিজিটাল বললেই রাতারাতি সাংসদরা এ বিষয়ে সড়গড় হবেন না তা পরিষ্কার। সে কারণেই ট্যাবের পাশাপাশি ফিজিক্যাল অ্যাটেনড্যান্স রেজিস্টারও রাখা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেও সাক্ষর করতে পারেন সাংসদরা। তবে ডিজিটাল অ্যাটেন্ডেসেই জোর দেওয়া হচ্ছে। যাতে ধীরে ধীরে সংসদকে পেপারলেস করে তোলা যায়।