
ছবি সংগৃহীত
শেষ আপডেট: 27 April 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে (Pahalgam) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচ-পাঁচটি পদক্ষেপ করেছে ভারত (India)। জলচুক্তি থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা, ভিসা বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল পাকিস্তানি নাগরিককে ভারত ত্যাগ করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই ভারতীয় ঘরের পাকিস্তানি স্ত্রীদের (Pakistani Wife) আর ভারতে ফিরতে দিচ্ছে না পাকিস্তান।
শ্বশুরবাড়ি ফিরতে গিয়ে, আটারি-ওয়াঘা ইন্টিগ্রেটেড চেক-পোস্টে আটকে পড়েছেন এই রকম বেশ কিছু পাকিস্তানি মহিলা। দুই দেশের মধ্যে যতই উত্তেজনা থাকুন না কেন, অনেক ভারতীয় পুরুষের সঙ্গেই বিয়ে হয় পাকিস্তানি মহিলাদের।
মাঝে মধ্যেই পাকিস্তানে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে আসেন ভারতীয় পুরুষের স্ত্রীরা। সাম্প্রতিক সময়েও এই রকম অনেকেই গিয়েছিলেন। কিন্তু পহেলগাম হামলার পর তাঁরা আর ভারতে ফিরতে পারছেন না। পাকিস্তানেই আটকে রাখা হয়েছে তাঁদের।
ভারতে ফেরার জন্য বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও পাকিস্তান কর্তৃপক্ষ সে দেশ থেকে ভারতের শ্বশুরবাড়িতে ফিরে যেতে দিচ্ছে না বলে অভিযোগ। অনেকেরই ছেলে-মেয়ে রয়েছে। তাদেরও ভারতের পাসপোর্ট রয়েছে। তবুও মায়েদের আটকে রেখে, সন্তানদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক রয়েছেন। অভিযোগ, পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে। নির্দিষ্ট একটি ধর্মের মানুষ ছাড়া কাউকে রেয়াত করা হয়নি। এই ঘটনার পর তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। উচ্চপর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।