.webp)
কলকাতায় অমিত শাহের এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করায় হুমকি দেওয়া হয়েছে 'দাদা'কে।
শেষ আপডেট: 11 November 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো: মন্তব্যের জন্য ক্ষমা অথবা কৃতকর্মের ফলভোগ। সলমন খান, শাহরুখ খানের পর বাঙালিবাবু মিঠুন চক্রবর্তীকে খুনের হুমকি। হুমকি এল পাকিস্তান থেকে। পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টি, যে কিছুকাল হল দুবাইতে ঘাঁটি গেড়ে আছে, সে প্রবীণ বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে খুনের হুমকি দিল। কলকাতায় অমিত শাহের এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করায় হুমকি দেওয়া হয়েছে 'দাদা'কে।
পাকিস্তানের গ্যাংস্টার হলেও ভাট্টি গুজরাতের সাবরমতী জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। পাকিস্তানের অপরাধ জগতের শীর্ষ পান্ডা ফারুক খোখারের ডানহাত। সে মিঠুন চক্রবর্তীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে। নইলে ফলভোগ করতে হবে 'ডিস্কো ড্যান্সার' খ্যাত অভিনেতাকে।
অনলাইনে প্রকাশিত দুটি পৃথক ভিডিওতে শাহজাদ ভাট্টি এই হুমকি দেয়। প্রথম ভিডিওতে দেখা গিয়েছে, ভাট্টি সরাসরি মিঠুনকে হুমকি দিচ্ছে। তাকে ক্ষমা চাওয়া জন্য ১০-১৫ দিন সময় দেওয়া হয়েছে। দ্বিতীয় ভিডিওতে মিঠুনের ওই ভাষণের অংশের ক্লিপ তুলে ধরে নেপথ্য বক্তব্যে ভাট্টি ক্ষমা না চাইলে কী হবে তা হুমকির সুরে জানিয়েছে।
শাহজাদ ভাট্টি মিঠুন চক্রবর্তীর একটি ছবি দিয়ে বলেছে, এই ভিডিওটি মিঠুনের জন্য। যিনি সম্প্রতি এক ভাষণে বলেছেন যে, মুসলিমদের কেটে তাদের ঘরে ফেলে আসবেন। মিঠুন সাহাব, আমার পরামর্শ মেনে এই কথার জন্য ক্ষমা চেয়ে নিন। তারজন্য ১০-১৫ দিন সময় দিচ্ছি। আপনার স্বার্থ এবং শান্তি কায়েম রাখতে এটাই সেরা উপায়।
ভাট্টি আরও বলেছে, আপনি আপনাদের ভাবাবেগে আঘাত করেছেন। মনে রাখবেন মুসলিমরাও আপনাকে সমর্থন করে এবং শ্রদ্ধা করে। আপনার ছবি যখন ফ্লপ করেছে, মুসলিমরা আপনার ছবি দেখেছে। আপনার এই বয়সে অনেক মানুষই অতিরিক্ত কথা বলে ফেলেন। তারজন্য পরে ক্ষমা চান। আপনিও ক্ষমা চেয়ে নিন, নইলে পস্তাতে হবে। ভাট্টি মিঠুনকে ভয় দেখিয়ে আরও বলে, এটা সিনেমার হুমকি নয়। বাস্তবের হুমকি। আমি কাউকে ভিডিওতে ভয় দেখাই না।