
পাকিস্তান যেন আগে ওদের দখল করে রাখা কাশ্মীর ফেরত দেয়।
শেষ আপডেট: 17 April 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: পাক সেনাপ্রধানের বক্তব্যের কড়া ভাষায় জবাব দিল ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিল, কাশ্মীর হল দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান যেন আগে ওদের দখল করে রাখা কাশ্মীর ফেরত দেয়। এক বিবৃতিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, গলার মধ্যে কাঁটা কি করে থাকতে পারে? একটি শরীরে ভিতরে কি কখনই বাইরের কিছু বাস করে? এই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের একমাত্র সম্পর্ক হল বেআইনিভাবে ওরা যেটা আটকে রেখেছে, তা মুক্ত করে দিক।
বিশ্বের কোনও শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না। ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের আলোচনাসভায় ভাষণে বুধবার এই দাবি করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ফের একবার ১৯৪৭ সালে যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশভাগ হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে বলেন, আপনারা ভুলে যাবেন না যে আপনারা এক সর্বশক্তিমান আদর্শ ও সংস্কৃতির ধারক-বাহক।
মুনির হিন্দু-মুসলমান সম্পর্কের ব্যাখ্যা দিয়ে বলেন, আপনারা সন্তানদের পাকিস্তানের ইতিহাস, জন্মকথা শোনান। আমাদের পূর্বসূরীদের চিন্তাভাবনার কথা, যেমন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে পুরোপুরি আলাদা। সে কারণেই দুটি পৃথক রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল। পাকিস্তানের সঙ্গে হিন্দুস্থান বা ভারতে আমূল পার্থক্য ছিল, আছে, থাকবে।
পাক সেনাপ্রধান আরও বলেন, আমাদের ধর্ম আলাদা। আমাদের প্রথা, আচার-অনুষ্ঠান, রীতিনীতি আলাদা। আমাদের ইতিহাস ও সংস্কৃতি পৃথক, আমাদের চিন্তাভাবনার আমূল ফারাক আছে। সর্বোপরি আমাদের জীবনের লক্ষ্যও সম্পূর্ণ আলাদা। এই জায়গায় দাঁড়িয়েই দ্বিজাতি তত্ত্বের ভিত গড়ে উঠেছিল। আমরা ভিন্ন মতাদর্শের দুটি দেশ, এক রাষ্ট্র নয়।
তাঁর কথায়, আমাদের পূর্বজরা এই পাকিস্তান গঠনের জন্য কঠিন সংগ্রাম করে গিয়েছেন। এবং এখন আমরাও জানি, কী করে আমাদের দেশ বাঁচাতে হবে। তাই চতুর্থ প্রজন্ম হোক, কিংবা পঞ্চম প্রজন্ম অর্থাৎ পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশ সম্পর্কে আরও জানাতে হবে। যাতে তাদের ভিতরেও দেশ নিয়ে একটি জাতীয়তাবোধ গড়ে ওঠে।
স্বাধীন বালুচিস্তান সংগ্রামীদের উদ্দেশে তাঁর হুঙ্কার ১০ জন্ম পেরিয়ে গেলেও ওরা বালুচ বা পাকিস্তানের কোনও ক্ষতি করতে পারবে না। আমরা খুব শীঘ্রই এই জঙ্গিদের নিকেশ করে দেব। আপনারা কি মনে করেন, এই হাজার ১৫ জঙ্গি পাকিস্তানের হাত থেকে বালুচিস্তানকে কেড়ে নিতে পারবে? ভারতের সেনা-ক্ষমতাকে কটাক্ষ করে বলেন, ১৩ লক্ষের শক্তিশালী ভারতীয় সেনাবাহিনীই যখন আমাদের ঘাঁটাতে চায় না, তখন এই জঙ্গিরা পাক বাহিনীর সঙ্গে এঁটে উঠবে কী করে?