
পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
শেষ আপডেট: 16 November 2024 07:42
দ্য ওয়াল ব্যুরো: কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা এবং আমেরিকায় গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টায় ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ নিয়ে এবার সুর চড়ালেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। তাঁর কথায়, ভারতের জঙ্গি হিন্দুত্ববাদ আমেরিকা, ব্রিটেন এবং কানাডাতেও সংখ্যালঘুদের জীবন অতীষ্ট করে তুলেছে। ওইসব দেশেও ভারতের সংখ্যালঘুরা চরমপন্থী হিন্দুত্ববাদীদের নিশানা থেকে মুক্ত নয়।
পাকিস্তানের নামজাদা থিঙ্কট্যাঙ্ক ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় আসিম বলেছেন, শুধু জোর করে কব্জায় রাখা জম্মু-কাশ্নীরই নয়, ভারত ইউরোপেও সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। আলাদা করে নিজ্জর প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। পাক সামরিক প্রধান বলেন, ওই ব্যক্তি খলিস্তান বা শিখদের জন্য পৃথক রাষ্ট্র চেয়ে আন্দোলন চালাচ্ছিলেন, যেমন কাশ্মীরিরা ভারতের কবল মুক্ত হতে চায়।
পাকিস্তানের বর্তমান সেনা প্রধান কম কথার মানুষ বলেই পরিচিত। যেমন পরিচিত তাঁর ভারতের বিরুদ্ধে কট্টর অবস্থানের জন্য। তাঁর নেতৃত্বে পাকিস্তান ভারতে জঙ্গি অনুপ্রবেশে বড় ধরনের অপারেশন চালিয়েছে। তাৎপর্যপূর্ণ হল, নিজ্জর হত্যা, পুন্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে পাক সেনা প্রধান ভারত সরকার আক্রমণ করতে গিয়ে শাসক দলের রাজনৈতিক আদর্শকেও নিশানা করেছেন। বলেছেন, এসব ঘটনার পিছনে আছে জঙ্গি হিন্দুত্ববাদীরা।
নিজ্জর হত্যার কানাডা সরকার ভারতের এজেন্টের যোগ থাকার অভিযোগ নিয়ে সরব। অন্যদিকে, আর এক খলিস্তানি নেতা তথা শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পুন্নুনকে ভারতের এজেন্ট হত্যার চেষ্টা করেছিল বলে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে। অন্যদিকে, ব্রিটেনে খলিস্তানিরা ভারতের দূতাবাসে হামলা চালিয়েছে। সেখানকার বহু শিখের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।
লক্ষ্যণীয় পাক সেনা প্রধান এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে পাকিস্তানের প্রসঙ্গ টানেননি। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিদেশ সচিব সাইরাস কাজি কিন্তু অভিযোগ করেছিলেন, ভারতের এজেন্ট পাকিস্তানের মাটিতে দুই পাক নাগরিককে হত্যা করেছে। এই ব্যাপারে তাঁদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ আছে বলে দাবি করেন তিনি।
ইসলামাবাদের অনুষ্ঠানে মুনির দাবি করেন, পাকিস্তানি সেনা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। রাষ্ট্রসংঘের শান্তি বাহিনীকে এখনও পর্যন্ত দু লাখ ৩৫ হাজার পাক সেনা অংশ নিয়েছে বিভিন্ন দেশে শাম্তি প্রতিষ্ঠায়। সেই কাজ করতে গিয়ে ১৮১ জন পাক সেনা শহিদ হয়েছেন বলে জানান মুনির।