.jpeg)
পাকিস্তানের এয়ারস্পেস ভোঁ ভাঁ। কোথাও কোনও বিমানের দেখা নেই।
শেষ আপডেট: 7 May 2025 03:50
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan)ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় বুধবার ভোর রাতে নিঁখুত হানা দিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী (India strikes operation sindoor)। তার পরই দেখা গেল, পাকিস্তানের এয়ারস্পেস ভোঁ ভাঁ। কোথাও কোনও বিমানের দেখা নেই।
মঙ্গলবার গভীর রাত তথা বুধবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ, বাহাওয়ালপুর, কোটলি-সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। মুজাফফরাবাদে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ফ্লাইটরাডার২৪-এ ধরা পড়েছে, আচমকা পাকিস্তানের আকাশপথে কোনও উড়ান নেই। একাধিক ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে যাত্রীরা জানিয়েছেন, তাদের ফ্লাইট বাতিল হয়েছে। অনেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক নিহত হওয়ার পরেই এই সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে, যা পরিকল্পিত, নিঁখুত ছিল। এই হানা কোনও উত্তেজনা ছড়ানোর জন্য নয় বলেও স্পষ্ট করেছে সাউথ ব্লক। সেই সঙ্গে জানিয়েছে, “পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা হয়নি। শুধুমাত্র জঙ্গি পরিকাঠামো ধ্বংস করা হয়েছে।”
পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বারবার বলেছি, যারা এই বর্বরোচিত হামলার জন্য দায়ী, তাঁদের শাস্তি হবেই। আমরা আমাদের প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ।”
পাকিস্তানও প্রতিক্রিয়া জানিয়েছে। সে দেশের সামরিক বাহিনীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ভারত পাকিস্তানের তিনটি জায়গায় বিমান হানার চেষ্টা করেছে—বাহাওয়ালপুর, কোটলি এবং মুজাফফরাবাদে। ভারতের সব আক্রমণ তাদের নিজস্ব আকাশপথ থেকেই চালানো হয়েছে। পাকিস্তান এয়ার ফোর্সের সব বিমান এখন সক্রিয়।” পরে আবার পাকিস্তানের ISPR-এর (Inter-Services Public Relations) তরফে বলা হয়েছে, “ভারতের এই সাময়িক আনন্দের জায়গায় স্থায়ী শোক আসবে।”
অন্যদিকে নয়াদিল্লি জানিয়েছে, বুধবার সাংবাদিক বৈঠক করে অপারেশন সিঁদুরের ব্যাপারে সবিস্তার জানানো হবে।