
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 April 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বদলায় ভারতও সেদেশের বিমানের আকাশপথ বন্ধ করতে চলেছে। পহলগাম হত্যাকাণ্ডের পর নয়াদিল্লি বেশ কয়েকটি কূটনৈতিক প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ায় পাকিস্তান তাদের আকাশসীমাকে নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করে। এবার ঢিলের বদলে পাটকেল নীতিতে ভারতও পাকিস্তানের জন্য নো-ফ্লাই জোন ঘোষণা করার সিদ্ধান্ত নিতে চলেছে।
আকাশসীমা বন্ধ করার পাশাপাশি ভারতীয় সরকার দেশের সমুদ্র বন্দরগুলি পাকিস্তানের জন্য বন্ধ করতে পারে। যাতে পাকিস্তান ভারতীয় জলসীমার মধ্য দিয়ে কোনও পণ্যবাহী জাহাজ চালাতে পারবে না। এই দুই পালটা নীতি নিলে ইসলামাবাদকে চটজলদি আর্থিক সংকটে ফেলা যাবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
ভারত যদি পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে তাহলে তা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে সেদেশের অর্থনীতির উপর। পাকিস্তানি যাত্রীবাহী অথবা পণ্যবাহী বিমানগুলিকে চিন অথবা শ্রীলঙ্কার উপর দিয়ে দক্ষিণ এশীয় দেশগুলিতে যেতে হবে। পাক রাষ্ট্রায়ত্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কুয়ালা লামপুর সহ অন্যান্য মালয়েশীয় শহর, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে যেতে ভারতের আকাশপথের উপর নির্ভরশীল। ফলে এই নীতিতে পাকিস্তান বিমান সংস্থার অর্থাৎ দেশের সমূহ আর্থিক ক্ষতি হবে।
পাকিস্তানি মদতে পহলগামে জঙ্গি হানার পর ভারতের উপর আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে এমনিতে নিজেই ফাঁপরে পড়েছে ইসলামাবাদ সরকার। পাকিস্তান ভেবেছিল আকাশপথ ব্যবহার বন্ধ করলে ভারতের বিশাল আর্থিক ক্ষতি হবে। কিন্তু, বাস্তব ঘটনা হচ্ছে পাকিস্তান তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়ে নিজের পায়েই কুড়ুল মেরেছে। পাকিস্তান ভেবেছিল এতে ভারতকে নাকানিচোবানি খাওয়ানো যাবে। বাস্তবে এর ফলে পাকিস্তানই কয়েকশো কোটির অসামরিক বিমান চলাচলের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে।