
অমৃতসরের আটারি বর্ডার পার হলেই দেখা হতে পারত হবু স্ত্রীর সঙ্গে
শেষ আপডেট: 24 April 2025 17:04
দ্য ওয়াল ব্যুরো: আজ তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কবে দু’জনের চারহাত এক হবে জানেন না তাঁরা। মাঝে কাঁটাতারের বেড়া দূরত্ব বাড়িয়ে দিল কয়েক আলোকবর্ষ।
অমৃতসরের আটারি বর্ডার পার হলেই দেখা হতে পারত হবু স্ত্রীর সঙ্গে। বিয়ের বন্ধনে বাঁধা পড়তেন তাঁরা। সীমান্ত এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায়, স্ত্রীকে সারাজীবনের জন্য কাছে পাওয়ার স্বপ্ন- আপাতত শুধুই স্বপ্ন।
দুই দেশের এই টানাপোড়েনের মধ্যে বহু স্বপ্ন ভেঙেচুরে গেছে এক লহমায়। বিয়ের একসপ্তাহ কাটার আগেই হামলায় নেভি অফিসার বিনয় নরওয়েলের মৃত্যুর ঘটনায় কেঁপে উঠেছে দেশ। পেয়েও সব হারালেন তিনি। তফাত শুধু এই যে, রাজস্থানের শয়তান সিং জানেন না কবে তিনি দেখা পাবেন তাঁর হবু স্ত্রীর। একটা হামলা বদলে দিয়েছে তাঁর জীবনের গল্পটাও।
সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শয়তান বলেন, ‘কী আর বলব! যা করেছে, খুবই খারাপ কাজ করেছে ওরা (জঙ্গিরা)। বিয়ে ছিল আমার। বাধা পড়ে গেল তাতে। কী আর করা যাবে, বর্ডারের ব্যাপার এসব।’ তবে দেশ যে সীমান্ত বন্ধ করার এই সিদ্ধান্ত নিয়েছে সেই নিয়ে অবশ্য তাঁর কোনও ক্ষোভ নেই। তাঁর কথায়, ‘ওঁরা (দেশ) সিদ্ধান্ত নিয়েছেন, দেশের ভালর কথা ভেবেই নিয়েছেন। দেখা যাক এবার কী হয়।’
#WATCH | Shaitan Singh, a Rajasthan citizen, who was scheduled to cross the Amritsar's Attari border to enter Pakistan for his wedding today, says, " What the terrorists have done is wrong...We are not being allowed to go (to Pakistan) as the border is closed...Let us see what… pic.twitter.com/FEEuf1GxZG
— ANI (@ANI) April 24, 2025
কথা বলার সময় চোখে-মুখে হতাশা স্পষ্ট তাঁর। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানেন না শয়তান। জানেন না কবে দেখা পাবেন প্রেয়সীর।
মঙ্গলবার, ২২ তারিখ জম্মু-কাশ্মীরের পহেলগামে প্রচুর পর্যটক থাকাকালীন হঠাৎ হামলা করে জঙ্গিরা। ২৬ জন মারা যান তাতে, আহত বহু। সেই নৃশংস হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার গতকাল ঘোষণা করে, বন্ধ করে দেওয়া হচ্ছে আটারি-ওয়াঘা সীমান্ত। নিষেধাজ্ঞা জারি হয়েছে পাকিস্তানিদের ভারতে প্রবেশে। যাঁরা বৈধ কাগজপত্র নিয়ে সীমান্ত পেরিয়েছেন তাঁদেরও ফিরে আসতে হবে ভারতে, তাও ১ মে-এর মধ্যে।