
দুবাইনিবাসী ভারতীয় সিএ নীরজ উধওয়ানি
শেষ আপডেট: 23 April 2025 23:18
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করেছেন সবে বছরখানেক হবে। কর্মসূত্রে দুবাইয়ের বাসিন্দা ৩৩ বছরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নীরজ উধওয়ানি স্ত্রী আয়ুষিকে নিয়ে এসেছিলেন হিমাচল প্রদেশের শিমলায়। উপলক্ষ, বন্ধুর বিয়ে। তারপরেই হঠাৎ কাশ্মীর সফরের (kashmir trip) সিদ্ধান্ত। কে জানত এটাই হবে তাঁর শেষ ছুটি?
গতকাল, মঙ্গলবার, কাশ্মীরের পহেলগামে (pahalgam) ভয়াবহ জঙ্গি হামলায় যে ২৬ জন নিহত হন, তাঁদের মধ্যে ছিলেন নীরজও। আহত হয়েছেন আরও অনেক পর্যটক।
নীরজের কাকা প্রকাশ উধওয়ানি বলেন, ‘চণ্ডীগড়ে বন্ধুর বিয়েতে গিয়েছিল ওরা। কাশ্মীর যাওয়ার পরিকল্পনা আচমকাই হয়। কেন যে করল এমন প্ল্যান! আজ তাহলে এই দিন দেখতে হতো না।’
নীরজের জন্মস্থান আদতে রাজস্থানের জয়পুর হলেও মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি দুবাই চলে যান। দশ বছর আগে তাঁর বাবা প্রদীপ উদওয়ানির মৃত্যু হয়। তারপর থেকে নীরজই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। ২০২৩ সালে আয়ুষির সঙ্গে বিয়ের পরও দুবাইতেই থাকতেন দুজনে। নীরজের ছোট ভাই কিশোর ও মা জ্যোতি ফিরে আসেন জয়পুরে।
নীরজ ও আয়ুষি ১৬ এপ্রিল চণ্ডীগড় হয়ে শিমলায় আসেন তাঁদের এক বন্ধুর বিয়েতে। সেখান থেকে ২০ এপ্রিল কাশ্মীরে যান এবং বাকি বন্ধুরা ফিরে যান নিজেদের মতো। ছুটি কাটিয়ে এই সপ্তাহেই দুবাই ফিরে যাওয়ার কথা ছিল স্বামী-স্ত্রীর।
মঙ্গলবার দুপুরে হোটেল থেকে কিছু সময়ের জন্য একাই বেরিয়েছিলেন নীরজ। আয়ুষি তখন হোটেলেই ছিলেন। কিছুক্ষণ পর গুলির শব্দ, কান্না শুনে আয়ুষি তখন হন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় পুলিশ মারফত নীরজের মারা যাওয়ার খবর পান। বাড়িতেও মৃত্যুর খবর প্রথম জানিয়েছিল আয়ুষিই।
নীরজের ভাই কিশোর খবর পেয়েই কাশ্মীর রওনা দেন। বুধবার সন্ধ্যায় নীরজের দেহ কাশ্মীর থেকে দিল্লি হয়ে জয়পুর নিয়ে আসা হবে বলে জানিয়েছে প্রশাসন।
কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাচ্ছেন নীরজের পরিবার। প্রকাশের কথায়, ‘এই হত্যাকারীদের ছেড়ে দেওয়া চলবে না। ওদের কঠিনতম সাজা দেওয়া হোক। সেটাই হবে নীরজের জন্য প্রকৃত বিচার।’