
সংসদ ভবন - ফাইল চিত্র
শেষ আপডেট: 19 March 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: গত ১৩ ডিসেম্বরের একটি ঘটনা সংসদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন দুই যুবক আচমকা কক্ষের ভিতরে ঢুকে দর্শকদের বসার আসন থেকে ঝাঁপ দিয়েছিলেন। সেই ঘটনার পর তিন মাস কেটে গেছে। এবার সংসদের নিরাপত্তা বাড়ানো হল। প্রায় ২৫০-র উপর নিরাপত্তারক্ষী এবার থেকে থাকতে চলেছে সংসদে।
ডিসেম্বর মাসের সেই ঘটনা গোটা দেশে হইচই ফেলে দিয়েছিল। কীভাবে নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে, তা নিয়েই প্রশ্ন উঠেছিল। অবশেষে সিআইএসএফ-এর তরফে সংসদে নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন থেকে সংসদের নিরাপত্তার জন্য প্রত্যক্ষভাবে ২৩০ জনকে মোতায়েন করা হবে। বাকিরা থাকবেন ফোর্সের ফায়ার ডিপার্টমেন্টে।
সংসদের নিরাপত্তার জন্য নতুন যাদের মোতায়েন করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ১২ জন ইন্সপেক্টর, ৪৫ জন সাব-ইন্সপেক্টর, ৩০ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ৩৫ জন হেড কন্সটেবল এবং ৮৫ জন কন্সটেবল। এর আগে জানুয়ারি মাসে নতুন সংসদের নিরাপত্তার জন্য ১৪০ জনকে মোতায়েন করা হয়েছিল।
সংসদ হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দাবি ছিল, সেদিনের ঘটনায় কারও প্রাণ কিংবা সম্পত্তিহানি করার উদ্দেশ্য ছিল না। মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা, বেকারত্ব, কৃষকদের সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ এবং গোটা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই এমন কাণ্ড ঘটিয়েছিলেন। ঘটনার মাস্টারমাইন্ড বলা হচ্ছে যে ললিত ঝা-কে, তার আবার বাংলা যোগ রয়েছে। বছরখানেক আগে কলকাতার বড়বাজারের কাছে একটি বাড়িতে ভাড়া থাকত সে। সেখানে কয়েকজন বাচ্চাকে টিউশন পড়াত ললিত। পরে অবশ্য ভাড়া বাড়ি ছেড়ে চলে যায়।