ট্রেনের দ্বিতীয় শ্রেণির এসি কামরায় ৪০ নম্বর আসনে যাত্রী বিপিন কুমার প্রথমে এসির সমস্যা নিয়ে অভিযোগ জানান। কর্মীরা যখন পরীক্ষা করতে ডাক্ট খুললেন, তখনই ধরা পড়ে চোরাচালানের ঘটনা।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 25 September 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: লখনউ–বারাউনি এক্সপ্রেসের যাত্রীরা হঠাৎই এসি খারাপের অভিযোগ জানান। কামরার ভেতরে ঠিকমতো ঠান্ডা হচ্ছিল না বলে যাত্রীদের অসন্তোষ বাড়ছিল। এরপর রেলের মেরামত কর্মীরা সমস্যার উৎস খুঁজতে কামরায় ঢোকেন। এসির ডাক্ট খুলতেই যা দেখা গেল, তাতে হতবাক হয়ে যান সকলে (Liquor Bottles Found In Train AC Duct)। থরে থরে সাজানো ছিল কাগজে মোড়ানো মদের বোতল। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।
সূত্রের খবর, ট্রেনের দ্বিতীয় শ্রেণির এসি কামরায় ৪০ নম্বর আসনে যাত্রী বিপিন কুমার প্রথমে এসির সমস্যা নিয়ে অভিযোগ জানান। কর্মীরা যখন পরীক্ষা করতে ডাক্ট খুললেন, তখনই ধরা পড়ে চোরাচালানের ঘটনা। রেল কর্মীদের সহযোগিতায় আরপিএফ (RPF) এবং জিআরপি (GRP) পুরো কামরার ডাক্ট খুলে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ১৫০টিরও বেশি মদের বোতল।
A viral video shows the illicit liquor hidden into the AC duct of a coach of the Lucknow–Barauni Express.
Passengers had complained about poor air-conditioning in the coach. When the technician opened the duct, a hidden consignment of liquor was found inside it. pic.twitter.com/I4FCASbJNy— Gems Of India (@GemsOfIndia_X) August 14, 2025
আরপিএফ লখনউ জংশনের পরিদর্শক অমিত রাই জানিয়েছেন, গোন্ডার কাছে ট্রেন থামিয়ে আরও তল্লাশি চালানো হয়। সেখানে ২২টি প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে, প্রতিটিতে মদের বোতল ছিল। রেল কর্তৃপক্ষের অনুমান, বোতলগুলো বিহারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য, রাজ্যে ২০১৬ সাল থেকে মদের বিক্রি ও পান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, এসি সারাইয়ের জন্য কামরায় ঢুকে কর্মীরা ডাক্ট খুলছেন। আলো ফেলতেই একের পর এক বোতল বেরিয়ে আসে। রেল সূত্রে জানা গিয়েছে, এর আগেও এই একই ট্রেনে মদ পাচারের ঘটনা ঘটেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই এই চালান ধরা পড়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বাজেয়াপ্ত করা বোতলগুলো জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে।