
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 November 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: ফের নতুন করে উত্তপ্ত হয়েছে মণিপুর। বিগত কয়েক সপ্তাহে আবার জাতি সংঘর্ষে একাধিকজনের মৃত্যু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আদতে কোনও পদক্ষেপ নিচ্ছে না। আলোচনার পথেও হাঁটছে না তাঁরা। তবে শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে প্রচেষ্টা কেন্দ্র করছে তা স্পষ্ট। কারণ আরও ১০ হাজার কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে মণিপুরে।
কয়েকদিন আগে ৫ হাজার আধা সেনা রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। এবার জানা গেল, ১০ হাজারেরও বেশি সেনা পাঠানো হবে। রাজ্যের মুখ্য নিরাপত্তা অধিকর্তা জানিয়েছেন, ১০ হাজার ৮০০ সেনা জওয়ান বা ৯০ কোম্পানি জওয়ান মণিপুরে মোতায়েন করা হচ্ছে। রাজ্যজুড়ে মোট ২৮৮ কোম্পানি সেনা থাকবে।
নতুন করে যত কোম্পানি সেনা মোতায়েন করা হবে তাঁদের একটা অংশ ইতিমধ্যে মণিপুরে চলে এসেছে। মূল যে জায়গাগুলিতে সবথেকে বেশি হিংসা হচ্ছে, সেখানে তাঁদের পাঠানোর কাজ শুরু হয়েছে। অল্প-বেশি গোটা রাজ্যজুড়েই সেনা মোতায়েন করা হবে বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া প্রত্যেক জেলায় আলাদা করে কন্ট্রোল রুম এবং কোঅর্ডিনেশন সেল খোলা হচ্ছে।
ক'দিন আগেই আবার রাজ্য জুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট’ বা আফস্পা জারি করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, সেকমাই, লামসাং, লামলাই, মইরাং, লেইমাখং এবং জিরিবাম থানা এলাকায় নতুন করে আফস্পা চালু করা হয়েছে।
১৯৮০ সাল থেকেই আফস্পা'র আওতায় রয়েছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা। ২০০৪ সালের পর বিক্ষোভের জেরে বেশ কিছু অঞ্চল থেকে আফস্পা তুলে নেওয়া হয়। কিন্তু গত বছর থেকে রাজ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে।