
বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
শেষ আপডেট: 23 July 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: এটা কুর্সি বাঁচাও বাজেট। বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এনডিএ সরকারের দুই শরিকদলের রাজ্য বিহার ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন শ্রীরামপুরের সংসদ সদস্য। তাঁর ভাষায়, এটা হল কুর্সি বাঁচাও বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবের পর কল্যাণ আরও বলেন, এই বাজেট প্রস্তুত করা হয়েছে সেই দলগুলির জন্য যারা ওদের সরকার বাঁচানোর সমর্থন জোগাবে। এই বাজেট দেশের জন্য নয়। ওরা বাংলাকে কিছুই দেয়নি। এই বাজেটেই প্রমাণ, ওরা বাঙালিদের সহ্য করতে পারে না। এই নীতির জন্য বাংলা থেকে বিজেপি মুছে যাবে।
কংগ্রেস নেতা শশী তারুর বলেন, এই বাজেট নিম্নগতি। সাধারণ মানুষের কোনও সমস্যা সমাধানের পথ এই বাজেটে নেই। এই বাজেটে ১০০ দিনের কাজের কোনও উল্লেখ নেই। সাধারণ মানুষের আয় বাড়ানোর পথ দেখানোর কোনও পদক্ষেপ নেই। আয়ের বৈষম্য দূর করার ক্ষেত্রে খুব সামান্য বা ক্ষীণ আলো রয়েছে। কংগ্রেস এই বাজেটকে রাহুল গান্ধীর চিন্তাধারার নকল বলে ব্যাখ্যা করেছে।
কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, আমরা খুশি যে এই বাজেট লোকসভা ভোটের আগে প্রকাশিত দলীয় ইস্তাহারের নকল। আমি খুশি এই কারণে যে, অর্থমন্ত্রী সীতারামন কার্যত এপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভের প্রস্তাব গৃহীত করেছেন। যে কথা কংগ্রেসের ইস্তাহারের ৩০ নম্বর পৃষ্ঠাতেই বলা হয়েছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও বিজেপি সরকারকে এই বাজেট নিয়ে তুলোধনা করেন।
রমেশ বলেছেন, দশ বছর ধরে প্রত্যাখ্যান করতে করতে না ঈশ্বরপুত্র প্রধানমন্ত্রী, না তাঁর দলের নির্বাচনী ইস্তাহারে চাকরির সংস্থানের কোনও উল্লেখ নেই। অবশেষে কেন্দ্রীয় সরকার গণ বেকারত্বকে জাতীয় সমস্যা বলে সিলমোহর দিল এবং তার দ্রুত সমাধানের প্রয়োজন বলে মনে করল।
ইন্ডিয়া জোট শরিকদের অন্যতম সেনাপতি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও বলেন, ওরা সরকার বাঁচাতে বদ্ধপরিকর। এই বাজেট বিহার ও অন্ধ্রপ্রদেশের পক্ষে ভালো। কিন্তু, উত্তরপ্রদেশ! সেখানে কৃষকদের জন্য কোনও ঘোষণা কোথায় বাজেটে, প্রশ্ন তুলেছেন অখিলেশ। মহিলাদের নিরাপত্তা রক্ষায় এই বাজেট নীরব, অখিলেশ পত্নী, সপা সাংসদ ডিম্পল যাদবের। দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে এই সরকার কোনও পদক্ষেপ নেয়নি।