
শেষ আপডেট: 10 November 2023 11:37
মঙ্গলবার সকাল থেকেই জাতীয় রাজনীতিতে ঘুরছে একটাই শব্দ, 'আইফোন হ্যাক'! তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে প্রথম অভিযোগ করেন যে, আইফোন থেকে তিনি একটা সতর্কবার্তা পেয়েছেন। সেখানে বলা হয়েছে, তাঁর ফোন রাষ্ট্রীয় মদতপুষ্ট কোনও হ্যাকার হ্যাক করার চেষ্টা করছে! শুধু একা মহুয়া নন, তারপর একে একে শিবসেনার মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী, কংগ্রেস সাংসদ শশী থারুর, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, আপ সাংসদ রাঘব চাড্ডা সহ অনেকেই একই অভিযোগ করেন।
বিরোধী শিবিরের এই অভিযোগের সত্যতা কতটা? কেন্দ্রের শাসক দল বিজেপি আবার বিরোধীদের কটাক্ষ করতে ছাড়ছে না। বহু পদ্ম নেতাকে বলতে শোনা গেছে, মিথ্যাচার করছে বিরোধীরা! এবার এই বিষয়ে মুখ খুলল অ্যাপেল।
কী বলল অ্যাপেল?
অ্যাপেলের এই সতর্কবার্তার সঙ্গে নির্দিষ্ট কোনও রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারের সম্পর্ক নেই। এমনও হতে পারে অ্যাপেলের পাঠানো বিপদের এই সতর্কবার্তার কোনও বাস্তব ভিত্তি নেই। স্টেট স্পন্সরড সাইবার হানাদাররা বিপুল অর্থ এবং অত্যাধুনিক উপায়ে কাজ করে। তাদের চিহ্নিত করার জন্য সংস্থাকে সম্পূর্ণভাবে ‘থ্রেট ইন্টালিজেন্স সিগন্যাল’-এর ওপর নির্ভর করতে হয় যা অনেক সময়ই ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ হয়। এমন হতেই পারে কিছু নোটিফিকেশন ভুয়ো বা বিপদটিকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে।
ঠিক কী কারণে এই নোটিফিকেশন পাঠানো হয়েছে সে সম্পর্কে অ্যাপেল কর্তৃপক্ষ বিশদে কিছু জানায়নি কারণ এ সম্পর্কে বেশি তথ্য প্রকাশ্যে এলে ভবিষ্যতে রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের সুবিধে করে দেবে বলে তারা মনে করছে।
এখন প্রশ্ন হচ্ছে অ্যাপেল আচমকা এমন সতর্কবার্তা পাঠাল কেন? অ্যাপেল জানিয়েছে, এটা ফলস অ্যালার্ম বা ভুয়ো সতর্কবার্তাও হতে পারে।
এদিকে, অ্যাপেলের এই সতর্কবার্তা নিয়ে কেন্দ্র ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। বিরোধীদের আক্রমণের জবাবে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, অ্যাপেলের এই সতর্কবার্তা শুধু ভারতে নয় আরও অন্তত ১৫০টি দেশের মানুষের কাছে গেছে। সেটাই তদন্ত করে দেখা হবে।