
ফাইল ছবি
শেষ আপডেট: 7 May 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় (Jammu Kashmir Terror Attack) ২৬ জনের মৃত্যু হয়েছিল। এই হামলার পিছনে যে পাকিস্তানের হাত রয়েছে তার অকাট্য প্রমাণ পেয়েছিল ভারত। তারপর থেকেই প্রত্যাঘাতের পরিকল্পনা করা হচ্ছিল। সেই পাল্টা হামলা করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে। মূল হামলার ঘটনার ১৫ দিনের মাথায় বদলা নিয়েছে (Operation Sindoor) ভারত।
মঙ্গলবার যে সময়ে পাকিস্তানে হামলা হয়েছে সেই সময়ে অনেকেই ঘুমের দেশে। তাই প্রত্যাঘাতের খবর অনেক পরেই সকলে জানতে পেরেছেন। তবে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কী কী হয়েছে। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসবাদী ঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারত কমপক্ষে ২৪টি মিসাইল ছুড়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে।
এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ঠিক কী কী হল...
রাত ১টা - প্রস্তুতি শুরু হয় ভারতের সামরিক অভিযানের। স্থল, নৌ এবং বায়ু সেনা যৌথভাবে হামলা ছক করতে শুরু করে পাকিস্তানে।
রাত ১টা ৩০ মিনিট - পাকিস্তানের মুজফরাবাদে ব্ল্যাকআউট। পাহাড়ি এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। আনুষ্ঠানিকভাবে ভারতের প্রত্যাঘাতের খবর সামনে আসে। 'অপারেশন সিঁদুর' শুরু।
রাত ১টা ৫১ মিনিট - পাকিস্তানের কোটলি, বাহওয়ালপুর ও মুজফফরাবাদে বিস্ফোরণের শব্দ। ভারতীয় সেনার তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয় পহেলগাম হামলার বদলা নেওয়া হয়েছে। 'জাস্টিস ইজ সার্ভড'।
রাত ২টো ৪৬ মিনিট - ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 'অপারেশন সিঁদুর' নিয়ে বার্তা দেন।
ভোর সাড় ৪টে মিনিট - পাকিস্তানের একের পর এক বিমান বাতিল।
ভোর ৫টা ৫ মিনিট - পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি আক্রমণের খবর সামনে আসে।
সকাল ৬টা ৮ মিনিট - 'অপারেশন সিঁদুর' সম্পূর্ণ করার পর ভারতীয় সেনা নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসে।
পহেলগামে ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে জঙ্গিরা ২৫ জন হিন্দুকে হত্যা করেছে এবং তাঁদের স্ত্রীর সিঁদুর মুছে দিয়েছে, এই অপারেশন ছিল তারই বদলা। পরে কৌশলগত ভাবে দুই মহিলা অফিসারকে দিয়ে সেই অভিযানের ব্রিফিং করায় সাউথ ব্লক। তাঁরা হলেন — কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং।