
গ্রাফিক্স-দ্য ওয়াল
শেষ আপডেট: 8 May 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর'-এর পর খবরের শিরোনামে উঠে এসেছেন কর্নেল সোফিয়া কুরেশি। ভারতের এই ত্রিস্তরীয় সামরিক অভিযান সফল হওয়ার পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোফিয়া (Colonel Sofia Qureshi)। তাঁর সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। তবে জানেন কি? এই প্রথম নয়, আগেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। ২০২০ সালেও সোফিয়া কুরেশির প্রশংসা করেছিল সুপ্রিম কোর্ট।
পাঁচ বছর আগে ভারতীয় সেনায় মহিলাদের নিয়োগের পক্ষে রায় দিয়েছিল শীর্ষ আদালত (Supreme Court)। ডিওয়াই চন্দ্রচূড় ও অজয় রাস্তোগীর ডিভিশন বেঞ্চ ৫৪ পাতায় রায় দেয়। সেখানে বলা হয়, সেনাবাহিনীতে কর্মী ছাড়া অন্যান্য সকল পদ থেকে মহিলাদের বাদ দেওয়া অগ্রহণযোগ্য এবং কোনও যুক্তি ছাড়াই মহিলা সেনা নিয়োগ না করা আইনত অনুচিত।
লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া (Colonel Sofia Qureshi) কুরেশির উদাহরণ সামনে রেখে 'সুপ্রিম' রায়ে আরও উল্লেখ করা হয়েছিল, ভারতীয় সেনায় মহিলাদের নিয়োগ অন্য মাত্রা এনে দিয়েছে। আন্তর্জাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাদলে প্রথম মহিলা হিসেবে অধিনায়কত্ব করেছিলেন তিনি। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষার অভিযানে ২০০৬ সালে কঙ্গোতে অন্যান্যদের যুদ্ধবিরতির পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সোফিয়া।
কর্নেল সোফিয়া কুরেশি: ইতিহাস গড়া সেনানায়িকা
ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি বরাবরই সীমানা অতিক্রম করেছেন। মাত্র ৩৫ বছর বয়সে নজিরবিহীন সব সম্মান অর্জন করেছেন তিনি। ২০১৬ সালের মার্চ মাসে, তিনি প্রথম ভারতীয় মহিলা অফিসার হিসেবে বহুজাতিক সামরিক অনুশীলন এক্সারসাইজ ১৮-এর ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন। পুণেতে আয়োজিত এই মহড়ায় অংশ নেয় ১৮টি দেশ, যার মধ্যে ছিল জাপান, চীন, রাশিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া প্রমুখ।
এই অনুশীলনে কর্নেল কুরেশি ৪০ সদস্যের ভারতীয় দলের কম্যান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে শান্তিরক্ষার কৌশল এবং হিউম্যানিটারিয়ান মাইন অ্যাকশনের ওপর প্রশিক্ষণ চলে।
কর্নেল সোফিয়া কুরেশি কঙ্গোতে ২০০৬ সালে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেন এবং ২০১০ সাল থেকে এই ক্ষেত্রে নিরন্তর কাজ করছেন। সেনাবাহিনীর প্রতি সোফিয়ার ভালোবাসা তাঁর পারিবারিক ঐতিহ্য থেকে উৎসারিত। সোফিয়ার দাদু সেনার বাহিনীতে ছিলেন এবং তাঁর স্বামী মেকানাইজড ইনফ্যান্ট্রির একজন অফিসার।
উল্লেখ্য, কর্নেল সোফিয়া কুরেশি ছাড়াও 'অপারেশন সিদুর'-এর (Operation Sindoor) সাংবাদিক সম্মেলনে ছিলেন উইং কমান্ডার ব্যোমিকা সিং। ২০০৪ সালের ১৮ ডিসেম্বর বায়ুসেনাতে যোগ দিয়েছিলেন তিনি। বায়ুসেনায় যোগ দেওয়ার ১৩ বছর পর, ২০১৭ সালে উইং কমান্ডারের পদে উন্নীত হন ব্যোমিকা। চেতক, চিতার মতো হেলিকপ্টার চালানোয় অসামান্য দক্ষতা রয়েছে তাঁর।