
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
শেষ আপডেট: 25 March 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: সূচনা করেছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তর প্রদেশে (Utrar Pradesh) দুষ্কৃতিকারীদের ঘরবাড়ি বুলডোজারে (bulldozar) গুড়িয়ে দিয়ে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল তাঁর প্রশাসন। সুপ্রিম কোর্টের হুঁশিয়ারিতেও দমেননি৷ বরং উত্তর প্রদেশের দেখাদেখি বিজেপি শাসিত রাজ্যগুলি বুলডোজার অপারেশনকে হাতিয়ার করে। সেই তালিকায় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতও (Gujarat)।
তবে নিছক অনুসরণ নয়, বুলডোজার শাসনে যোগী আদিত্যনাথকেও ছাপিয়ে যেতে চান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দুষ্কৃতী দমনে বুলডোজার বিচারকেই প্রধান উপায় হিসাবে বেছে নিয়েছে তাঁর প্রশাসন।
রাজ্য পুলিশের ডিজি বিকাশ সহায়ের নির্দেশে ৭৫০টি থানার অভিযুক্ত দুষ্কৃতীদের তালিকা তৈরি করেছে পুলিশ। এজন্য একশো ঘণ্টায় সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি।
রাজ্য পুলিশ সুত্রের খবর, তারা ৮৩৭৪টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে যেগুলির মালিক দাগি অপরাধীরা। এগুলির মধ্যে ৩২৪০টি বেআইনি মদ বিক্রেতাদের বাাড়িঘর, দোকান ইত্যাদি।
পুলিশ ইতিমধ্যে ৭৭টি নির্মাণ ভেঙে দিয়েছে। দুশোটি বাড়ি, দোকানের বিদ্যৎুদের লাইন কেটে দিয়েছে পুলিশ। এই অভিযানের পোশাকি নাম দাদ বুলডোজার অপারেশন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল 'দাদা' নামেও জনপ্রিয়। যেমন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছেই 'দিদি'। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান 'মামা' নামেই বেশি পরিচিত ছিলেন রাজ্যবাসীর কাছে।
বুলডোজার অপারেশন নিয়ে সুপ্রিম কোর্ট আপত্তি করা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যগুলির সেই বিতর্কিত ব্যবস্থা আঁকড়ে ধরা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। ওয়াকিবহাল মহল মনে করছে, উত্তর প্রদেশে, মধ্যপ্রদেশ, হরিয়ানায় বিজেপির সাফল্যের পর দল পরিচালিত বাকি রাজ্যগুলিও জনমন জয়ে এই ব্যবস্থাকে প্রধান হাতিয়ার করছে।