
শেষ আপডেট: 27 November 2023 19:29
দ্য ওয়াল ব্যুরো: খনি অঞ্চলে যেভাবে ইদুঁর গর্ত করে অনেকটা সেই স্টাইলে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছতে চাইছেন উদ্ধারকারীরা।
অক্সিজেন মাস্ক, প্রতিরক্ষামূলক চশমা এবং বায়ু সঞ্চালনের জন্য ব্লোয়ার দিয়ে সজ্জিত হয়ে পাহাড় কেটে ধীরে ধীরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে দূরত্ব কমাচ্ছেন অভিজ্ঞ শ্রমিকরা।
ইতিমধ্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অগার মেশিন। শুরু হয়েছে ম্যানুয়াল ড্রিলিং। সোমবার সকাল থেকে পাহাড় কেটে উল্লম্ব খনন শুরু করেছেন শ্রমিকেরা। খনন শুরু হয়েছে শ্রমিকরা যেখানে আটকে রয়েছেন তার দু‘দিক থেকে। একদিকে উদ্ধারকারী দলকে ৮৬ মিটার যেতে হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী সোমবার সন্ধে পর্যন্ত প্রায় ৩৬ মিটার ড্রিলিংয়ের কাজ সম্পূর্ণ। অর্থাৎ এখনও প্রায় ৫০ মিটার খনন করতে হবে। তাহলেই পৌঁছনো যাবে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাজে। সুরঙ্গে অন্যপ্রান্তেও শুরু হয়েছে খনন পর্ব। সেদিকেও প্রায় ৩১ মিটার খনন করেছেন শ্রমিকরা।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-র সদস্য লেফটেন্যান্ট জেনারেল সায়েদ হাসনায়েন জানিয়েছেন, ইঁদুররা যে পদ্ধতিতে খনি এলাকায় গর্ত খোঁড়ে সেই পদ্ধতিতে সুড়ঙ্গের দু’পাশ থেকে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। ছোট ছোট সুড়ঙ্গ তৈরি করে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা হচ্ছে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে বিকল্প মোট ৬টি উপায় ভাবা হয়েছে। উল্লম্ব খননকাজ কোনওভাবে ব্যর্থ হলে অন্য পদ্ধতিগুলি ব্যবহার করা হবে।
সুড়ঙ্গের কাজ করাকালীন গত ১২ নভেম্বর পাহাড়ে ধস নামে। সুড়ঙ্গে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। ১৫ দিন সময় কেটে গিয়েছে। উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে এখনও বের করে আনা সম্ভব হয়নি শ্রমিকদের। ইতিমধ্যে ভেঙে পড়া মেশিনটিকে টানেল থেকে বের করে এনেছেন দক্ষ শ্রমিকেরা।
সোমবারই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র, স্বরাষ্ট্র সচিব অজয় কে ভাল্লা এবং উত্তরাখণ্ডের মুখ্য সচিব এসএস সান্ধু সহ একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল। তাঁরা সরোজমিনে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন।