.jpeg)
জরুরি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শেষ আপডেট: 18 November 2024 11:33
দ্য ওয়াল ব্যুরো: হিংসাদীর্ণ মণিপুরে নিরাপত্তাকর্মীদের গুলিতে এক প্রতিবাদী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতের এই ঘটনায় আরও এক যুবক জখম হয়েছেন। গত কয়েকদিন ধরে উত্তর-পূর্বের ছোট এই পাহাড়ি রাজ্যে গন্ডগোলের জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে রাজ্যের বহু মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন দুদিন ধরে।
মেইতেই সম্প্রদায় অধ্যুষিত জিরিবাম জেলায় ঢুকে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে কুকি জঙ্গিরা। যা নিয়ে মেইতেইরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। রবিবার রাতে বাবুপাড়ায় বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয়রা বাবুপাড়ার বিজেপি এবং কংগ্রেসের অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। জিরিবাম থানার ৫০০ মিটারের মধ্যে এই ঘটনায় উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ চালায়। জখম যুবককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাঁর স্বাস্থ্যের অবস্থা জানা যায়নি। প্রশাসন এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে।
এদিকে, এদিনই মণিপুরের আচমকা বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং আইবি ডিরেক্টর তপন ডেকাসহ শীর্ষ অফিসাররা ওই বৈঠকে হাজির থাকবেন।