
নিটকাণ্ডে ধৃত আরও এক
শেষ আপডেট: 24 June 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: নিট কাণ্ডের তদন্তে উঠে এসেছে সলভার গ্যাং-এর নাম। ইতিমধ্যে এই কেলেঙ্কারিতে মোট ২৩ জন গ্রেফতার হয়েছে। এবার বিহার পুলিশ আরও একজনকে গ্রেফতার করল, সেও সলভার গ্যাং-এর সদস্য। এছাড়া তারা ৬৮টি প্রশ্নপত্র উদ্ধার করেছে।
বিহার পুলিশের ইকোনমিক অফেন্সেস ইউনিট এই গ্রেফতারি করেছে। তারা জানতে পেরেছে, এই ব্যক্তির কাছে পরীক্ষার একদিন আগেই প্রশ্নপত্র পৌঁছে গেছিল। ধৃত ব্যক্তির নাম বলদেব কুমার, তাকে ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বলদেব নিট দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সলভার গ্যাং-এর সোশ্যাল মিডিয়া গ্রুপে পরীক্ষার আগের দিন রাতে সলভ করা প্রশ্নপত্র চলে এসেছিল। সেটিই পরে একাধিকজনকে টাকার বিনিময় বিলি করা হয়। পুলিশ এও জানতে পেরেছে, অন্তত ২০০-র বেশি প্রশ্নপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেই ৬৮টি প্রশ্নপত্র তারা উদ্ধার করতে পরেছে।
আগেই সলভার গ্যাং-এর অন্যতম মাথা রবি অত্রিকে পাকড়াও করেছে পুলিশ। রবি নিজেও নিট পরীক্ষার প্রস্তুতিতে কোটা গেছিলেন। কিন্তু তারপরই তিনি 'সলভার গ্যাং'-এর সংস্পর্শে আসেন। টাকার লোভে নিজে পড়াশোনা ছেড়ে দিয়ে অন্যের হয়ে পরীক্ষায় বসতেন। ধীরে ধীরে প্রশ্নফাঁসের কাজে হাত পাকাতে শুরু করেছিলেন সে সময় থেকেই। এর আগে ২০১২ সালে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য তাঁকে একবার গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। পরে তিনি জামিন পান।
সোমবারই মহারাষ্ট্র পুলিশের এটিএস চারজনকে গ্রেফতার করেছে নিটকাণ্ডে। এই চারজনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের একটি চক্র চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জায়গায় জায়গায় প্রশ্নপত্র বিলি করার পাশাপাশি হল টিকিটের তথ্য ফাঁস করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। চারজনের মধ্যে লাতুর থেকে সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমরখান পাঠান নামের দুই শিক্ষক রয়েছেন।