
শেষ আপডেট: 29 October 2023 11:46
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে কেরলের ধর্মীয় সভায় সভায় পরপর বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে চারপাশ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি এখনও।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে কোচির কালামাসেরিতে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। একটা নয়, পরপর তিনটি বিস্ফোরণ হয়। যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে খ্রিষ্টানদের ধর্মীয়সভা জেহবাজ উইটনেস চলছিল।
বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের কথায়, গোটা কনভেনশন সেন্টার ধোঁয়ায় ভরে যায়। ভেতর থেকে মানুষের কান্নার ও চিৎকারের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। অনেকে রাস্তায় বেরিয়ে এসেছিলেন।
স্থানীয় সূত্রে খবর, গত তিনদিন ধরে এই কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। রবিবারই ছিল অনুষ্ঠানের শেষদিন। এইদিনই বিস্ফোরণের ঘটনা ঘটল। যেসময় ঘটনা ঘটে, তখন ওই কনভেনশন সেন্টারে প্রায় ২ হাজার মানুষ ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীরা প্রথমেই আগুন নেভানোর কাজ শুরু করেন। কনভেনশন সেন্টারে ভেতর থেকে মৃত ও আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর একঘণ্টার মধ্যে আরও কয়েকবার পরপর বিস্ফোরণ হয়। কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এই বিস্ফোরণের পিছনে নাশকতার ছক থাকতে পারে।
জোরকদমে চলছে উদ্ধারকাজ। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন। অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়ার কথাও জানান তিনি। ঘটনাস্থলে যাচ্ছে এআইএ দল।