
ভাইরাল ফ্ল্যাটের ছবি
শেষ আপডেট: 3 October 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: প্রচলিত আছে পুরনো চাল ভাতে বাড়ে। সে চালই হোক বা চালা, পুরনো জিনিসের প্রতি মানুষের আগ্রহ লাফিয়ে বাড়ছে। কিন্তু তা বলে এক কামরা ঘরের ভাড়া মাসে ৪৫ হাজার টাকা! হ্যাঁ, শুনে একটু খটকা লাগলেও এটাই সত্যি।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে এমনই একটা পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে মুম্বইয়ের পূর্ব মাতুঙ্গায় একটি ঘর ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে থাকতে গেলে প্রতিমাসে আপনাকে ৪৫ হাজার টাকা গুনতে হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।
নেটিজেনদের মতে, পুরনো চাল ভাতে বাড়ে শুনেছি, কিন্তু ‘ওল্ড স্কুল’ বা ‘প্রাচীন ছোঁয়া’ এসব শব্দ ব্যবহার করে একটা ১ বিএইচকে ফ্ল্যাটের ভাড়া মাসে এত টাকা! এটাও সত্যি’?
কেউ কেউ আবার লিখেছেন, পুঁজিবাদ দারিদ্র সীমাকে ঠিক কোন জায়গায় পৌঁছে দিয়েছে এটাই তার জ্বলন্ত উদাহরণ। তবে কী আছে বাড়িটিতে যে কারণে এক কামরার ঘরের জন্য এত দর হাঁকানো হচ্ছে? এক কামরা ঘর, ছোট্ট একটি রান্নাঘর এবং রান্নাঘর লাগোয়া সর্বসাধারণের ব্যবহারের জন্য রয়েছে একটি বিশাল দালান। বাথরুম রয়েছে একটাই, যেটা সবার ব্যবহারের জন্য তৈরি। তার ভাড়া প্রতিমাসে ৪৫ হাজার টাকা।
ফ্ল্যাটটি দেখলে মনে হতেই পারে উত্তর কলকাতার কথা। দেখলে পছন্দ হওয়ার কথা একেবারেই নয়, কিন্তু সেই ফ্ল্যাট ভাড়া দিতেই এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিজ্ঞাপন। ফ্ল্যাটে কি আছে না আছে সেদিকে গুরুত্ব না দিয়ে ‘প্রাচীনত্বের’ তকমা সেঁটে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘এমন একটা জঘন্য ফ্ল্যাটের ভাড়া কীভাবে এত টাকা রাখার দুঃসাহস দেখানো হল?’ আরেকজন লিখেছেন, ‘প্রাচীনত্বের যে নিদর্শন ফ্ল্যাটটিতে দেখা যাচ্ছে তার ভাড়া কমপক্ষে ১ লাখ টাকা হলে তবেই ভাল হয়’।
দিনকয়েক আগেই মুম্বইয়ের রানওয়ারের পালি হিলের কাছে একটি ফ্ল্যাটের বিজ্ঞাপন সামনে আসে। যেখানে দেখা যায় ২ বিএইচকে ওই ফ্ল্যাটের ভাড়া মাসিক ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং সিকিউরিটি ডিপোজিট হিসাবে চার লক্ষ টাকা জমা দেওয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে। যেখানে বাথরুমে কোমডের উপর ওয়াশিং মেশিনের ছবি সামনে আসতেই শুরু হয়েছিল বিতর্ক।
লেখাপড়া হোক বা কর্মসূত্র, বাণিজ্যনগরীতে প্রতিদিনই লাখো লাখো মানুষ সেখানে জড়ো হন। মুম্বই শহরে জীবনযাপনের খরচ সম্বন্ধে সবারই মোটামুটি ধারণা রয়েছে। তবে সম্প্রতি ফ্ল্যাটের বিজ্ঞাপন দেখে মাথায় হাত সবার।