
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 25 November 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: একসময় কাজ করতেন ফ্র্যাঙ্কফুর্টে। পেশায় তিনি ইঞ্জিনিয়র। বর্তমানে ঠিকানা বেঙ্গালুরুর রাস্তা। পেট চালাতে করেন ভিক্ষা। সম্প্রতি শরৎ যুবরাজ নামের একজনের প্রোফাইলে তাঁর ভিডিও দেখা যায়। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কীভাবে হল এই অবস্থা? বললেন নিজেই।
গড় গড় করে বলে চলেছেন ইংরাজি। কে তিনি, পেশাই বা কী ছিল জিজ্ঞাসা করায় বললেন 'ইঞ্জিনিয়র।' গর্ব মুখে চোখে স্পষ্ট। কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট থেকে সোজা বেঙ্গালুরুর রাস্তায়! এমনও সম্ভব। গল্প জুড়লেন ভিক্ষুক। লাল জামা পড়া ওই ব্যক্তির কথায়, বাবা-মা মারা যাওয়ার পর তাঁর এই হাল।
কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলছিলেন বার বার। মিষ্টি হাসি, স্পষ্ট উচ্চারণের ফাঁকে উঠে আসছিল এক রাশ মন খারাপ। বলছিলেন, তিনি চাকরি করতেন মাইন্ড ট্রি গ্লোবার ভিলেজ নামের কোনও সংস্থায়। বাবা-মায়ের মৃত্যুর পর বান্ধবীর দৌলতে মদ্যপান শুরু করেন। মদ্যপানই তাঁকে রাস্তায় নামিয়েছে বলে দাবি করেন।
View this post on Instagram
ঘর-বাড়ি সব চলে গিয়েছে বর্তমানে। রাস্তাই তাঁর ঘর, দেখিয়ে দিলেন ভিডিওতেই। পেট চালাতে বাধ্য হয়ে ভিক্ষা শুরু করেন বেঙ্গালুরুর জয়নগর এলাকায়।
পরে মেডিটেশন, ফিলোজফি, সায়েন্স, আইনস্টাইন, ডেভিড হিউমের কথাও বলছিলেন। তিনটি ভিডিও করেন শরৎ নামের ওই ব্যক্তি। (যাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল হয়)
এরপর ভিক্ষুক ইঞ্জিনিয়রকে সাহায্যের আশ্বাসও দেন। কিন্তু ইঞ্জিনিয়র তা নিতে অস্বীকার করেন। শরৎ এই ভিডিওর মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন। যদি কোনও স্বেচ্ছাসেবী সংস্থা বা চিকিৎসক সাহায্য করতে চান তাহলে সুস্থ জীবন ফিরে পেতে পারেন ব্যক্তি।
এই ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন। তবে, তাঁকে এই ঘটনার পর আর ওই এলাকায় দেখা যায়নি বলে জানা গিয়েছে। পোস্টদাতা জানিয়েছেন, তিনি নিজে দেখার চেষ্টা করেছেন কিন্তু খুঁজে পাননি।