
গুয়াহাটিতে অমিত শাহ।
শেষ আপডেট: 30 April 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে মঙ্গলবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, দেশের প্রাচীনতম দলের হতাশা এমন স্তরে নেমে এসেছে যে, তারা আমাকে এবং বিজেপি নেতাদের নিয়ে ভুয়ো ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে।
এদিন সকালে গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে শাহ বলেন, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকা সত্ত্বেও কংগ্রেস সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এখন তিনি হাসানের এমপি এবং এনডিএ প্রার্থী হয়েছেন বলে নড়াচড়া শুরু করেছে পুলিশ। সাংবাদিকদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন যে, এই ইস্যুতে বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা মাতৃশক্তির পাশে রয়েছি।
শাহের কথায়, আমি সাফ জানিয়ে দিচ্ছি বিজেপি সর্বদা মাতৃশক্তির পক্ষে রয়েছে। কিন্তু, আমি কংগ্রেসের কাছে প্রশ্ন করতে চাই, তখন কাদের সরকার ছিল? কংগ্রেসের সরকার ছিল। কেন তারা এখনও কোনও ব্যবস্থা নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের বিষয়, তাই আমরা এতে হস্তক্ষেপ করতে পারিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হোক। এমনকী দেবগৌড়া ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর জনতা দল সেকুলার দলীয় কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিক। উল্লেখ্য, মঙ্গলবারই জনতা দল সেকুলার একটি বৈঠক ডেকেছে। কুমারস্বামী ইতিমধ্যেই তাঁর ভাইপোর যৌন কেলেঙ্কারি থেকে দূরত্ব অবলম্বন করছেন। এদিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে রেভান্নাকে সাসপেন্ড করতে পারে দল, এমনটাই সিদ্ধান্ত তৈরি হয়ে রয়েছে।
শাহ বলেন, এটা খুবই গুরুতর অভিযোগ। আমরা এ জিনিস বরদাস্ত করব না। তবে কংগ্রেসকে আমরা জিজ্ঞাসা করতে চাই, ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা কেন এখনও ব্যবস্থা নেয়নি। প্রিয়ঙ্কাজি অবশ্যই যেন তাঁদের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর জবাবদিহি তলব করেন। যদিও তিনি জেডিএস নেতার যৌন কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলতে কসুর করেননি, অভিযোগ শাহের।