
শেষ আপডেট: 24 February 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো: পাত্রের নাম শামির আহমেদ। পাত্রী সামিয়া খাতুন।
তাঁদের আগামী ২৯ ফেব্রুয়ারি বিয়ে। তাঁরা উত্তর প্রদেশের ভাহরাইচের জাবরাল রোডের বাসিন্দা। দুই পরিবারই বিয়ের নিমন্ত্রণ পত্র ছেপেছে হিন্দু রীতি মেনে।
বিয়ের কার্ডের শুরুতেই আছে গণেশ বন্দনার মন্ত্র। তার দুপাশেই রয়েছে গণেশের ছবিও। কার্ডের বাকি বয়ানও ছাপা হয়েছে হিন্দু রীতি মেনেই।
কার্ড দুটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নানাজন মন্তব্য করছেন। বেশিরভাগেরাই একে সামাজিক সম্প্রতি রক্ষার নজির হিসাবে তুলে ধরছেন।
পাত্রের বাবা সফিপুর গ্রামের অজরুল কামার বলেছেন, পাত্র-পাত্রীর বহু হিন্দু বন্ধুবান্ধব আছেন। আমাদের প্রতিবেশীরাও বেশিরভাগই হিন্দু। সকলের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত। হিন্দুরা দেবতা গণেশকে পুজো দিয়ে শুভ কাজ শুরু করেন। তাই কার্ডের শুরুতে গণেশ মন্ত্র লেখা হয়েছে। পরিবারের নিকট মুসলিম নিমন্ত্রিতদের জন্য অল্প কিছু কার্ড উর্দুতে ছাপানো হয়েছে।
শুধু হিন্দিতে গণেশ মন্ত্র সহ কার্ড ছাপানোই নয়, হিন্দু নিমন্ত্রিতদের জন্য একদিন আগে প্রীতি ভোজের ব্যবস্থা করেছে দুই পরিবার। কারণ, নিমন্ত্রিত হিন্দুরা বেশিরভাগই নিরামিষাশী।
হিন্দু রীতি মেনে বিয়ের কার্ড ছাপানোর এমন দৃষ্টান্ত নতুন নয়। তবে উল্টো নজির বিরল। মুসলিম নিমন্ত্রিদের জন্য হিন্দু পরিবারে পৃথক আয়োজনের নজির খুব বেশি শোনা যায়নি।
যদিও অতীতে দুই সম্প্রদায়ই সম্প্রীতির এমন নজির গড়তে গিয়ে সামাজিক রোষের মুখে পড়েছেন। ভিন্ন ধর্মে বিয়ে করায় সামাজিক বয়কটের মুখে পড়ারও অনেক নজিরও আছে। গত বছর বিজেপি লাদাখে তাদের এক মুসলিম নেতাকে বহিষ্কার করে সেই ব্যক্তির পুত্র এক হিন্দু মেয়েকে পালিয়ে বিয়ে করায়।