
শেষ আপডেট: 9 October 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো: কেরালায় ওলা ইলেক্ট্রিক স্কুটিতে আগুন। চলন্ত অবস্থায় আগুন লাগে বলে জানা গেছে। ঘটনায় কারও কোনও আঘাত লাগেনি। ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওলা স্কুটিতে ফের এমন ঘটনার পর প্রশ্নের মুখে নিরাপত্তা।
কেরালার তিরুবনন্তপুরমে বুধবার সকালে একটি ওলা ইলেক্ট্রিক স্কুটিতে চেপে কলেজে যাচ্ছিলেন দুই পড়ুয়া। চলন্ত অবস্থায় স্কুটি তাঁরা ধোঁয়া দেখতে পান। স্কুটি থামিয়ে তড়িঘড়ি নেমে যান। মুহূর্তেই মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ওলা স্কুটিতে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগেও গত বছর এপ্রিল মাসে একটি দেড় লাখের ওলা স্কুটিতে আগুন লেগেছিল। ঘটনাস্থল সেই তিরুবনন্তপুরমই। একটি গ্যারেজে পার্কিং করা অবস্থায় স্কুটিতে আগুন লাগে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। ওলা এস ওয়ান প্রো স্কুটারেও আগুন লাগে গত বছর। পুনেতে ঘটনাটি ঘটে।
একের পর এক ওলা স্কুটিতে সমস্যা, আগুনের মতো ঘটনায় ধসে গেছে শেয়ার। ওলা ইলেকট্রিক স্কুটারের গুণমান নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। তাঁকে পালটা জবাব দেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল। কার্যত চলে নেটযুদ্ধ। তারপরই ধস নামে সংস্থার শেয়ারে। পরে যায় ৪৩ শতাংশ। যা নিয়েও হইচই কম হয়নি। চতুর্থীর সকালে ফের শেয়ার নামে ৮ শতাংশ।