
ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম
শেষ আপডেট: 24 October 2024 16:25
দ্য ওয়াল ব্যুরো: ৯৯.০১ শতাংশ অভিযোগেরই সমাধান করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ ফাইল করতে গিয়ে জানিয়ে দিল ওলা। সম্প্রতি ওলা স্কুটার নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। আগুন লেগে যাওয়া থেকে ব্যাটারি খারাপ, অভিযোগে জেরবার সংস্থা। কমে যায় শেয়ারও। এমন পরিস্থিতিতে এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বেশ কয়েক মাস ধরে অভিযোগ আসছে ওলা স্কুটারের। সম্প্রতি তিরুবনন্তপুরমে ওলা স্কুটিতে আগুন লেগে যায়। এর আগেও গত বছর এপ্রিল মাসে একটি দেড় লাখের ওলা স্কুটিতে আগুন লেগেছিল। ঘটনাস্থল সেই তিরুবনন্তপুরমই। একটি গ্যারেজে পার্কিং করা অবস্থায় স্কুটিতে আগুন লাগে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। ওলা এস ওয়ান প্রো স্কুটারেও আগুন লাগে গত বছর। পুনেতে ঘটনাটি ঘটে।
একের পর এক ওলা স্কুটিতে সমস্যা, আগুনের মতো ঘটনায় ধসে যায় শেয়ার। ওলা ইলেকট্রিক স্কুটারের গুণমান নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাও। সিসিপিএ এই সংস্থাকে শো কজ নোটিশও ধরায়।
এই সব ঘটনার পর ওলার তরফে তেমন কোনও মন্তব্য করা হয়নি। তবে, সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। এই আবহেই এবার বড় ঘোষণা করল এই সংস্থা। ওলা ইলেক্ট্রিকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার হরিশ অভিচন্দানি জানালেন, গাড়ি নিয়ে যে সমস্যা হচ্ছিল, অভিযোগ আসছিল, তা নিয়ে কাজ করা হয়েছে। সিসিপিএ-তে জমা হওয়া ১০,৬৪৪টি অভিযোগের মধ্যে ৯৯.০১ শতাংশই সমাধান করা হয়েছে। ব্যবহারকারীরাও সন্তুষ্ট এতে।
সূত্রের খবর, ওলার তরফে স্টক এক্সচেঞ্জকে সমস্যা সমাধানের পরিসংখ্যানের কথা জানালেও অভিযোগের প্রেক্ষিতে ঠিক কী কী সমাধান করা হয়েছে তা স্পষ্ট নয়। এমনকী কী কারণে ওলা গাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে তারও ব্যাখ্যা দেওয়া হয়নি বলে খবর।