
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 April 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: নির্যাতিতাকে ফাঁসাতে নিজেকেই গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা অভিযুক্তর। ধর্ষণের অভিযোগে কয়েক মাস আগেই জেলে যেতে হয় তাঁকে। দিন কয়েক আগেই জেল থেকে মুক্তি পান তিনি। এরপরই ফন্দি এঁটে ফেলেন নির্যাতিতা ও তাঁর পরিবারকে ফাঁসানোর। ভুবনেশ্বরের এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ (Odisha incident)।
জেলমুক্তির কয়েকদিন পরই বালিপাটনা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, 'নির্যাতিতার পরিবারের কয়েকজন তাঁকে ধাওয়া করে এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।' তবে বেশিক্ষণ এই মিথ্যে নাটক চালাতে পারেনি অভিযুক্ত। পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে, 'আক্রান্ত ব্যক্তি নিজেই গুলি চালিয়েছেন।
গত বছর তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়। নির্যাতিতার উপর প্রতিশোধ নিতেই এই কাজ করেছেন তিনি।' প্রসঙ্গত, ফরেন্সিক রিপোর্টে সামনে আসে, গুলিটি শরীরে যেভাবে গেঁথেছিল তাতে প্রমাণ হয় না যে কেউ বা কারা তাঁর উপর হামলা করেছে।
মাত্র ১০ ঘণ্টায় পুলিশের কাছে গোটা ঘটনাটি স্পষ্ট হয়ে যায়। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য স্বীকার করতে বাধ্য হয় সে। দু'জনকে গ্রেফতার করা হয়েছে যারা অভিযুক্তকে বন্দুক এনে দিয়েছিল। এমনকি ওই দু'জনের চোখের সামনেই অভিযুক্ত নিজের ওপর গুলি চালায়, জেরায় এমনই তথ্য উঠে এসেছে।