শিবকুমারের দাবি, দলের সভায় সিদ্ধান্ত হয়েছিল আড়াই পর সিদ্দারামাইয়া তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সি এগিয়ে দেবেন। কিন্তু সিদ্দারামাইয়া কথা রাখেননি।

শেষ আপডেট: 21 November 2025 07:42
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের দাবিতে কংগ্রেসের ঘরোয়া বিবাদ এবার দিল্লি পৌঁছে গেল। উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের অনুগামী বিধায়কেরা বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছে গিয়েছেন। শুক্রবার তাঁদের সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং সনিয়া ও রাহুল গান্ধীর বৈঠক হতে পারে। তবে রাত পর্যন্ত কেউই সাক্ষাৎ চূড়ান্ত করেননি। বিক্ষুব্ধ বিধায়কদের দাবি, কর্নাটকে নভেম্বর বিপ্লব তথা নভেম্বর ক্রান্তি শুরু হয়ে গেছে। দ্রুতই বিপ্লব চূড়ান্ত বিজয় হাসিল করবে।
কংগ্রেস সভাপতি খাড়্গে কর্নাটকের মানুষ। তাঁর পুত্র প্রিয়াঙ্ক রাজ্যের মন্ত্রী। নিজের রাজ্যে দলের এই সংকট কংগ্রেস সভাপতি কীভাবে সামাল দেন তা নিয়ে দলে এবং রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। প্রবীন সিদ্দারামাইয়া যথেষ্ট ওজনদার নেতা। দিল্লির কথায় চলার মানুষ নন। আবার শিবকুমারও দলের সম্পদ। অতীতে একাধিক রাজ্যে দলের এই জাতীয় বিবাদে সঙ্কটমোচনের কাজ করেছেন তিনি। এখন নিজের লড়াইয়ে তিনি কতদূর যান সেটাও দেখার।
বৃহস্পতিবার রাতে চার্টার্ড বিমানে কংগ্রেস বিধায়ক দলের শিবকুমার অনুগামীরা দিল্লি পৌঁছান। বিক্ষুব্ধ এই বিধায়কেরা তাঁদের সংখ্যা জানাননি। তবে দলে প্রভাবশালী ভোক্কালিগা সম্প্রদায়ের বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন। কর্নাটকের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এই সম্প্রদায় যথেষ্ট প্রভাবশালী। অতীতে অনেক সরকার এবং মুখ্যমন্ত্রীর ভাগ্য নির্ধারণ করেছে এই সম্প্রদায়ের নেতারা।
এদিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ‘নভেম্বর বিপ্লব’-কে ভুয়া সংবাদ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, বিক্ষুব্ধদের যত বিপ্লব মিডিয়ায়। তিনি তাঁর অনুগামীদের পাল্টা আশ্বাস দিয়েছেন, পুরো পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকবেন তিনি। রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ার খালি নেই বলে বিরোধী শিবিরের দাবি উড়িয়ে দিয়েছেন সিদ্দারামাইয়া।
কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে কংগ্রেসের সিদ্দারামাইয়া বনাম শিবকুমারের লড়াই ২০২৩-এর মে মাসে দল ক্ষমতায় আসার সময় থেকেই চলছে। শিবকুমারের দাবি, দলের সভায় সিদ্ধান্ত হয়েছিল আড়াই পর সিদ্দারামাইয়া তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সি এগিয়ে দেবেন। কিন্তু সিদ্দারামাইয়া কথা রাখেননি।
ওয়াকিবহাল মহলের মতে, বিহারে কংগ্রেসের বিপর্যয়ের পর শিবকুমার অনুগামীরা নতুন করে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সরব হয়েছে। তারা মনে করছে বিহারে পরাজয়ের ফলে হাইকমান্ড এখন চাপে আছে। এই সময় বিদ্রোহ করে দাবি আদায় করে নেওয়া সম্ভব। বৃহস্পতিবার সকালে জল্পনা উসকে দেন শিবকুমার স্বয়ং। প্রায় ছয় বছর হতে চলল তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার এক সভায় বলেছেন, এক পদে বেশিদিন থাকার কোনও অর্থ হয় না। তাঁর অনুগামীদের ব্যাখ্যা, বিত্তশালী এই নেতা প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ছেড়ে এবার মুখ্যমন্ত্রী হওয়ার বার্তা দিয়েছেন হাইকমান্ডকে।