
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 December 2024 10:15
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের প্রথম দিনেই সুখবর। আজ থেকে উত্তর সিকিমের রাস্তা খুলে গেল পর্যটকদের জন্য। কয়েকদিন আগেই বিষয়টি আঁচ করা গেলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না। তবে এখন চিন্তা একটু হলেও কমেছে। তাই আজ ১ ডিসেম্বর থেকেই আর উত্তর সিকিমে যেতে কোনও বাধা রইল না।
২০২৩ সালের পর থেকে ধস-বন্যার জন্য নর্থ সিকিম বিপর্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ। বড়সড় প্রভাব পড়ে মঙ্গন জেলায়। মূল ভূখণ্ডের থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছিল জায়গাটা। লোনার্ক হ্রদ বিপর্যয়ের পরে উত্তর সিকিম যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তবে আজ থেকেই খুলে গেল টুং নাগা রুট।
এই রাস্তা দিয়েই উত্তর সিকিমের চুংথাং, লাচেন, লাচুংয়ের মতো অত্যন্ত আকর্ষণীয় জায়গাগুলিতে যেতে হয়। তবে আজ রাস্তা খুললেও একাধিক বিধিনিষেধ মেনে চলতে হবে। জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১০টার মধ্যে গাড়িগুলিকে মঙ্গন বাজার এলাকা অতিক্রম করতে হবে।
এছাড়া রাস্তার সংস্কারের কাজে কোনওরকম বাধা দেওয়ার অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সিকিম সরকার স্পষ্ট জানিয়েছে। এখন মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় শুধুমাত্র গাড়ি চলাচল করতে পারবে। মূলত যানযট এড়াতেই এমন পদক্ষেপ।
তবে রাস্তা খুললেও পর্যটকদের উপর একাধিক নির্দেশিকা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেড়াতে গেলে একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে ৯টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। এছাড়াও পর্যটকদের এসইউভি গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ছোট গাড়ি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
খারাপ পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তর সিকিম। মঙ্গনের রাস্তা মেরামতির কাজ অনেকটাই হয়েছে। মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ উঠল। অতএব ডিসেম্বরের প্রথম দিনেই পর্যটকদের কাছে উত্তর সিকিমের দরজা খুলে দিল সিকিম প্রশাসন।