ছ'মাসের শীতকালীন বিরতির পর আগামী ২৩ এপ্রিল ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির। তবে কেদারনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের তারিখ ঘোষণা করা হবে মহা শিবরাত্রির দিন।
.jpg.webp)
কেদারনাথ-বদ্রীনাথে নয়া নিষেধাজ্ঞা
শেষ আপডেট: 26 January 2026 17:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের দুটি প্রধান তীর্থক্ষেত্র কেদারনাথ ও বদ্রীনাথে (Badrinath and Kedarnath temples) এবার শুধুমাত্র হিন্দু ভক্তদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে। মন্দিরের ধর্মীয় পবিত্রতা রক্ষার দাবি তুলে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব (Non-Hindus will be barred) করেছে উত্তরাখণ্ড কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটি। যদিও সিদ্ধান্তটি এখনও প্রস্তাবের পর্যায়ে, তবে সূত্রের খবর, খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।
কী পরিবর্তন আসতে চলেছে?
বিকেটিসি (Badrinath-Kedarnath Temple Committee) জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন মোট ৪৫টি মন্দিরেই অ-হিন্দু প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে মূল তীর্থ বদ্রীনাথ ও কেদারনাথও রয়েছে। কমিটির সভাপতি তথা বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী নিশ্চিত করেছেন, আগামী সাধারণ সভায় এই প্রস্তাব পাশ করা হবে। এরপরই এটি নিয়মে পরিণত হবে এবং সব মন্দিরে একই বিধিনিষেধ থাকবে।
হেমন্ত দ্বিবেদীর (BKTC president Hemant Dwivedi) দাবি, অ-হিন্দুদের (Non Hindus) মন্দিরে প্রবেশ না করার প্রথা বহু পুরনো। কিন্তু বিজেপি ছাড়া অন্য সরকারের আমলে এই নিয়ম উপেক্ষা করা হয়েছিল। ফলে ঐতিহ্যগত নিয়মনীতির লঙ্ঘন ঘটেছে বহুবার। এখন পুরনো প্রথাকেই নতুনভাবে ফিরিয়ে আনা হচ্ছে বলে মন্তব্য তাঁর।
রাজনৈতিক তরজা শুরু
বিজেপির অবস্থানের বিপরীতে কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক কৌশল’ বলে বর্ণনা করেছে। কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধাসমানার বক্তব্য, অ-হিন্দুরা এমনিতেই কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করেন না। ফলে আলাদা করে নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই। তাঁর দাবি, রাজ্যের প্রকৃত সমস্যাগুলি থেকে মানুষের নজর সরাতেই এই ধরনের ঘোষণা করছে বিজেপি।
ছ'মাসের শীতকালীন বিরতির পর আগামী ২৩ এপ্রিল ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির। তবে কেদারনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের তারিখ ঘোষণা করা হবে মহা শিবরাত্রির দিন। কেদারনাথ ও বদ্রীনাথ ছাড়াও ছোট চারধামের অন্তর্ভুক্ত আরও দুটি তীর্থস্থান- গঙ্গোত্রী এবং যমুনোত্রী। এই দুই মন্দিরের দরজা ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হবে।
ভক্তদের উদ্বেগ ও প্রতিক্রিয়া
এখনকার পরিস্থিতিতে কেদারনাথ–বদ্রীনাথ মন্দিরে অ-হিন্দু প্রবেশ নিষিদ্ধ (Non-Hindus will be barred) হওয়ার প্রস্তাব ঘিরে ভক্তদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। কেউ বলছেন, মন্দিরের ধর্মীয় পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নিয়ম প্রয়োজন। আবার অন্য একদল মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে চারধামের প্রচলিত সমাবেশ ও সর্বজনীন ভাবমূর্তি বদলে যেতে পারে।
মন্দির কমিটির আগামী সাধারণ সভায় প্রস্তাবটি পাস হলেই নিয়মটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। সূত্রের মতে, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির আগামীবার খোলার আগেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি।
উত্তরাখণ্ডের দুই মহাতীর্থকে ঘিরে ধর্মীয় পবিত্রতা বনাম রাজনৈতিক বিতর্ক! দুই-ই এখন সমানভাবে চলছে। নতুন নিয়ম চালু হলে তীর্থযাত্রার রূপ কিছুটা হলেও বদলাতে পারে।