
ছবি সংগৃহীত
শেষ আপডেট: 29 April 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের ফোনে আড়ি পাতা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এহেন অভিযোগ আজকের নয়। সেই নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। তারই রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, যদি না নাগরিক সমাজকে নিশানা করা হয়, তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার (Spyware) ব্যবহার করতেই পারে কেন্দ্র। তাতে অন্যায়ের কিছু নেই।
পেগাসাস (Pegasus) মামলার শুনানিতে মঙ্গলবার বলা হয়েছে, কার বিরুদ্ধে স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ এই কথা জানিয়েছে।
ফোনে আড়ি পাতা হচ্ছে, এই অভিযোগ তুলে মোদী সরকারকে বিঁধেছিল বিরোধীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ব্যাপারে ফলাও করে লেখালিখিও হয়। তার পরপরই কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সেই তদন্তের রিপোর্ট আজও জনসমক্ষে আসেনি (Supreme Court)।
এদিন শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ বলে, "দেশ যদি স্পাইওয়্যার ব্যবহার করে তাতে সমস্যাটা কোথায়? একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, দেশের নিরাপত্তার সঙ্গে আপস না করাই ভাল। কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, সেটা অবশ্যই বিচার্য। তবে নাগরিক সমাজের কারও বিরুদ্ধে ব্যবহার করা হলে সেটা খতিয়ে দেখা হবে।"
তাৎপর্যপূর্ণভাবে এদিন বেঞ্চের তরফে এও বলা হয় যে, "যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি আমরা, তাতে আরও সাবধানী হতে হবে।" পর্যবেক্ষকদের অনেকের মতে সম্প্রতি পহেলগেম যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেই ব্যাপারেই এহেন মন্তব্য করা হয়েছে।
আবেদনকারীর হয়ে এদিন আইনজীবী শ্যাম দিওয়ান পেগাসাস তদন্তের রিপোর্ট প্রকাশের দাবি তোলেন। পাল্টা সুপ্রিম কোর্ট বলে, "দেশের নিরাপত্তা এবং সার্বভৌমের প্রশ্ন জড়িয়ে যে রিপোর্টের সঙ্গে, তা ছোঁয়া যাবে না। কিন্তু কোনও ব্যক্তি যদি জানতে চান, তাঁর নাম আছে কি না, আলাদা ভাবে তাঁকে জানানো যাবে।"
বস্তুত, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর-সহ বিরোধী শিবিরের তাবড় নেতা, সাংবাদিক তো বটেই, কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ফোনেও আড়ি পাতার অভিযোগ ওঠে। যা নিয়ে ব্যাপক তোলপাড় হয় রাজনৈতিক মহল।