
শেষ আপডেট: 29 November 2023 22:13
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই অবসর নিতেন দিল্লির মুখ্যসচিব নরেশ কুমার। আদালতের রায়ে পদস্থ এই আমলার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ল। যা দিল্লির আপ সরকারের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
দিল্লি সরকারের আমলাতন্ত্রের দখল এখনও কেন্দ্রের হাতে। এই নিয়ে দিল্লি হাইকোর্টে কেন্দ্র বনাম রাজ্যের মামলা চলছে। এমন আবহে দিল্লির মুখ্যসচিবের চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করার জন্য আগেই প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কেজরিওয়ালের সরকার অবশ্য ওই প্রস্তাবের বিরোধিতা করে। দিল্লি হাইকোর্ট হয়ে মামলায় গড়ায় সুপ্রিম কোর্টে। ওই মামলাতেই বুধবার কেন্দ্রের প্রস্তাবে সম্মতি জানিয়ে মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ ৬ মাস বৃদ্ধি করেছে শীর্ষ আদালত।
আদালত সূত্রের খবর, প্রস্তাবে সম্মতি জানালেও এ ব্যাপারে কেন্দ্রকে সতর্ক করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “একই ব্যক্তিকে নিয়ে টানাটানি কেন? আপনার কাছে আর কোনও যোগ্য আধিকারিক নেই?”
কেজরিওয়ালের সরকারের অভিযোগ, অর্ডিন্যান্সের ক্ষমতা বলে দিল্লির সচিবদের বদলি এবং মেয়াদবৃদ্ধি নিয়ে কেন্দ্র এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছে। যা রাজ্যের পক্ষে অস্বস্তির কারণ হচ্ছে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলাও করেছে দিল্লির সরকার। তারই মাঝে সুপ্রিম কোর্টের এই রায় কেজরিওয়ালের সরকারের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও এব্যাপারে অরবিন্দ কেজরিওয়াল বা দিল্লির সরকারের কোনও প্রতিনিধির প্রতিক্রিয়া জানা যায়নি।