
বিমানের ভিতরে বসে অসুস্থ একাধিক যাত্রী
শেষ আপডেট: 19 June 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরম, তার মধ্যে টানা চলছে তাপপ্রবাহ। দিল্লির পরিস্থিতি খুবই খারাপ। আর এই গরমের মধ্যে বিমানে উঠে আরও বিপাকে পড়লেন যাত্রীরা। বিনা এসিতে প্রায় ঘণ্টা খানেক বসে থাকতে হল বিমানের ভিতরেই! এই ঘটনায় স্পাইসজেট সংস্থার দিকে উঠেছে অভিযোগের আঙুল।
দিল্লি থেকে বিহারের দাঁড়ভাঙায় যাওয়ার কথা ছিল স্পাইসজেটের ওই বিমানের। কিন্তু উড়ানের আগে প্রায় ঘণ্টাখানেক সেটি বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকে। প্লেনের ভিতর বসে থাকা যাত্রীদের অভিযোগ, কোনও অগ্রিম ঘোষণা ছাড়াই বিমান দাঁড়িয়েছিল। এদিকে ভিতরে কোনও এসি চলছিল না। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলেও খবর। বিমানের ভিতরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ রুমাল ঘুরিয়ে হাওয়া খাওয়ার চেষ্টা করছেন, কেউ আবার বই দিয়ে।
এই ঘটনা নিয়ে বিমান সংস্থার অবশ্য দাবি, সার্বিকভাবে দিল্লির যা আবহাওয়া তার জেরেই এসি বিভ্রাট হয়েছিল। যদিও তা কিছুক্ষণের জন্য। এসি যতক্ষণ চলেনি ততক্ষণ বিমানের দরজা খুলে রাখা হয়েছিল যাতে যাত্রীদের অসুবিধা না হয় গরমে। বোর্ডিং পুরোপুরি সম্পন্ন হওয়ার পরই বিমান ছেড়ে দেয়। কিন্তু যাত্রীদের একাংশের দাবি, কোনও এসি খারাপ হয়নি। বিমান ছাড়ার পরই তা চালানো হয়েছিল। তার আগে বন্ধ করে রাখা হয়েছিল এসি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ।
#WATCH | SpiceJet passengers travelling from Delhi to Darbhanga (SG 476) had to wait inside an aircraft without air conditioning (AC) for over an hour amid the ongoing heatwave, with several feeling unwell. pic.twitter.com/cIj2Uu1SQT
— ANI (@ANI) June 19, 2024
আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী দিল্লিতে। এই চরম পরিস্থিতির মধ্যে আবার সেখানে জলসঙ্কট দেখা দিয়েছে। দুইয়ে মিলিয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। রাজধানীর একাধিক হাসপাতাল সূত্রে খবর, হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত দু'দিনে যাঁদের মৃত্যু হয়েছে প্রত্যেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন। মাত্রাতিরিক্ত গরমের সঙ্গে জলের সমস্যা দিল্লিবাসীর অবস্থা আরও কাহিল করছে।
হাওয়া অফিস বলছে, এখনই দিল্লির আমজনতা কোনও স্বস্তির খবর পাবেন না। অন্তত আরও ২৪ ঘণ্টা একই রকমভাবে তাপপ্রবাহ চলার আভাস দেওয়া হয়েছে।