
নীতিন গড়করি
শেষ আপডেট: 19 December 2024 10:24
দ্য ওয়াল ব্যুরো: সমাজের একটা নিয়ম আছে। কিন্তু সেই নিয়মকে লঙ্ঘন করে সমলিঙ্গ বিবাহ বা লিভ-ইন সম্পর্কের মতো বিষয়! এমনই মত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির। তাঁর স্পষ্ট বক্তব্য, এই ধরনের সম্পর্ক একেবারেই সমর্থনযোগ্য নয়। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গড়করি এই মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
সমকামিতা, লিভ-ইন সম্পর্ক নিয়ে নানামুনির নানা মত। এই বিষয়গুলি নিয়ে তর্ক-বিতর্ক চলে আসছে বহু সময় ধরেই। সেই তর্কের আগুনেই কার্যত ঘি ঢেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। স্পষ্ট বলেছেন, এই ধরনের সম্পর্ক সমাজকে ধ্বংস করে দেয়। সব সমাজের কিছু নিয়ম রয়েছে, তা মেনে না চললে সমাজ বিপদের মুখে পড়বে বলেই দাবি করেছেন তিনি।
গড়করির দাবি, একসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীও তাঁকে বলেছিলেন যে বিয়ে না করার বিষয়টি উদ্বেগজনক। আর নতুন প্রজন্ম তাতে অনীহা দেখাচ্ছে। তার মধ্যে এই ধরনের সম্পর্কের বাড়বাড়ন্ত দেখা দিলে তা যে সমাজব্যবস্থাকেও নষ্ট করে দেবে, এই বিষয়ে নিশ্চিত গড়করি। তাঁর কথায়, সমাজের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। তা না মানলে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে।
কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, কেউ বিয়ে না করতে চাইলে সন্তানের ভবিষ্যৎ কী হবে? কেউ যদি বর্তমানে গোটা সিস্টেমকেই অবজ্ঞা করতে চান তাহলে তার বড় প্রভাব ভবিষ্যতেই পড়বে। তাই এই সম্পর্কগুলিকে বাহবা দেওয়া একেবারেই উচিত নয় বলে মন্তব্য তাঁর।
গড়করি অবশ্য এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, এই ধারণা তাঁর একান্ত ব্যক্তিগত। দল বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই। আর কে কী ভাববেন, কে কীভাবে চলবেন সেটাও তাঁদের ব্যক্তিগত বিষয়। ঠিক-ভুল আমজনতাকেই বেছে নিতে হবে। শুধু সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখতে হবে 'আদর্শ ভারত'-এর কথা।