
যমজ কন্যা সন্তানকে খুন করার অভিযোগ
শেষ আপডেট: 11 July 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: পুত্র সন্তান চেয়েছিলেন। কিন্তু যমজ কন্যা সন্তানের জন্ম হওয়ায় তাদের খুন করেন বাবা! শুধু তাই নয়, খুনের পর দুই সন্তানকে বাড়ির কাছেই মাটিতে পুঁতে দিয়েছিলেন তিনি। দিল্লির এই ঘটনায় তোলপাড় হয়েছে দেশে। এবার একই রকম ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। সেখানেও দুই যমজ কন্যা সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পুঞ্চ জেলার চাইজ্জলার কায়ানি গ্রামের বাসিন্দা এক ব্যক্তি তার যমজ দুই কন্যা সন্তানকে গলা কেটে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির বাড়ি থেকেই দুই সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই সেই দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে শিশুদের বাবা খুরশিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশের সামনে ভেঙে পড়েন। এরপর খুরশিদ খুনের অভিযোগও স্বীকার করেন। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঠিক কী কারণে ওই ব্যক্তি এই খুন করেছেন তা এখনও স্পষ্ট হয়নি। তবে মনে করা হচ্ছে দিল্লির ঘটনার মতোই এখানেও কন্যা সন্তান পছন্দ ছিল না তাঁর।
দিল্লির ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ৩২ বছর বয়সী নীরজ সোলাঙ্কিকে। বারবার কন্যা সন্তান হওয়ায় তিনি সন্তুষ্ট ছিলেন না বলেই এই খুন করেছেন বলে জানা গেছে। গত মে মাসে দুই যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন নীরজের স্ত্রী। এরপরই নীরজ ও তাঁর পরিবার তাদের নিয়ে বাড়ি ফিরে যায় দেখভালের কথা বলে। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফিরে নীরজের স্ত্রী জানতে পারেন অসুস্থতার কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সন্দেহ হওয়ায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই জুন মাসের শুরুর দিকে নীরজের বাড়ির সামনের এক জমি থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। নীরজের স্ত্রীর অভিযোগ, বিয়ের পর থেকেই কন্যা সন্তান প্রসঙ্গে মানসিক চাপ দেওয়া হত তাঁকে। এমনকী অন্তঃসত্ত্বা থাকাকালীন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্যও চাপ দেওয়া হয়েছিল তাঁকে।