
দিল্লি সচিবালয়
শেষ আপডেট: 9 February 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ৪৮টি আসনে শনিবার জিতেছে বিজেপি। আর কয়েকদিনের মধ্যেই ২৭ বছর পর সিংহাসনে বসতে চলেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে শনিবার দিল্লি সচিবালয়ে জারি করা হল নতুন নির্দেশ। এখন থেকে কোনও ফাইল, ডকুমেন্ট বা বৈদ্যুতিন রেকর্ড অনুমতি ছাড়া সচিবালয় থেকে বের করা যাবে না। পরিচয় পত্র ছাড়া সচিবালয়ে প্রবেশের অনুমতিও দেওয়া হবে না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (GAD) জানিয়েছে, এই সিদ্ধান্ত সরকারি নথি ও ফাইলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। সচিবালয়ের সব শাখার দফতর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজের নিজের শাখার নথি ও ফাইলের নিরাপত্তা নিশ্চিত করেন। এছাড়া, কর্মচারি বাদে যে কেউ সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পরিচয় জানাতে হবে। কী উদ্দেশে তিনি বা তাঁরা সচিবালয়ে গেছেন, তা জানাতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে রক্ষীদের। ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা চালুর কথাও বলা হয়েছে।
কেজরিওয়াল সরকারের পতন অনিবার্য দেখে শনিবার সচিবালয় বন্ধের প্রসঙ্গ ওঠে। ভুঁয়ো খবর ছড়ায় সচিবালয় নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। পরে গোটা বিষয়টি প্রকাশ্যে ওঠে। জানা যায়, সচিবালয় বন্ধ করে দেওয়া হয়নি। কিছু নির্দিষ্ট নিয়ম লাগু করা হয়েছে।